আমিরের চোখে অভিষেক ‘প্রকৃত ব্যাটার’ নন, কেবলই একজন ‘স্লগার’

টি-টোয়েন্টি বিশ্বকাপ
অভিষেক শর্মা ও মোহাম্মদ আমির, ফাইল ফটো
অভিষেক শর্মা ও মোহাম্মদ আমির, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাঠের লড়াই শুরুর আগেই ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। দুই দেশের সাবেক ক্রিকেটারদের মন্তব্যেও বাড়ছে উত্তাপ। টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের আগে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মন্তব্য করেছেন ভারতের ব্যাটার অভিষেক শর্মাকে নিয়ে।

টি–টোয়েন্টি ছাড়া এখনো আন্তর্জাতিক ক্রিকেটের অন্য কোনো সংস্করণে খেলেননি অভিষেক। তবে এই ফরম্যাটেই তিনি নজর কেড়েছেন। ৩৮ ইনিংসে এক হাজার ২৯৭ রান করেছেন ১৯৪.৪৫ স্ট্রাইক রেটে। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে করেছেন ১১০ রান, স্ট্রাইক রেট ছিল ১৮৯.৫৬। দুবাইয়ে সুপার ফোরে ৩৯ বলে ৭৪ রানের ইনিংসটিও আলোচনায় ছিল।

পাকিস্তানের একটি টক শোতে আমির বলেন, 'আমি যতটুকু দেখেছি, সত্যি বলতে ওকে আমার স্রেফ একজন স্লগার মনে হয়েছে। আমার মনে হয় না ওর টেকনিক খুব একটা জুতসই। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর চায় সব বল যেন ওর পছন্দের জোনে পড়ে।'

তিনি আরও যোগ করেন, 'যখন দেখব একটু মুভমেন্ট বা সুইং থাকা বল ও ভালোভাবে সামলাচ্ছে, তখনই আমি ওকে প্রকৃত ব্যাটার হিসেবে মানব।'

আমিরের মতে, অভিষেককে আউট করার কার্যকর উপায় হতে পারে শরীর লক্ষ্য করে বোলিং ও স্লোয়ার বলের ব্যবহার। এদিকে মাঠের বাইরের এই আলোচনা চলার মধ্যেই শারীরিক সমস্যায় ভুগছেন অভিষেক।

৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে খাবারজনিত সংক্রমণের পর থেকে পেটের সমস্যায় আছেন তিনি। জ্বর ও আবহাওয়ার প্রভাবেও কিছুটা দুর্বল হয়ে পড়েছেন, ওজনও কমেছে প্রায় দুই কেজি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দলের সঙ্গেই কলম্বোতে আছেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তাকে চূড়ান্ত ফিটনেস ও স্ট্যামিনা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার ফলই নির্ধারণ করবে তার খেলা বা না-খেলা।

আরো পড়ুন: