ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ থাকলেও কলম্বোর আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে।

ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। পূর্বাভাস অনুযায়ী, দিনের শুরুতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র, তাপমাত্রা উঠতে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। বিকেলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ম্যাচটি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আবহাওয়ার মডেল অনুযায়ী ম্যাচ শুরুর আগে কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। এতে টসে বিলম্ব বা ম্যাচের দৈর্ঘ্য কমানোর পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে প্রেমাদাসা স্টেডিয়ামের পানিনিষ্কাশন ব্যবস্থা উন্নতমানের। পুরো মাঠ ঢাকার মতো কভার থাকায় ভারী বৃষ্টির পরও দ্রুত খেলা শুরু করার সুযোগ থাকে। মাঠকর্মীরা নির্দিষ্ট পদ্ধতিতে পানি সরিয়ে দেন, যা কার্যকর বলে বিবেচিত।

সাধারণত ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়। অতীতে এমন পরিস্থিতিতে দ্রুত ম্যাচ শুরু করার নজির রয়েছে এই ভেন্যুতে।

ম্যাচের আগের দিনও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তবে চলতি আসরে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত কোনো ম্যাচ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়নি।

‘এ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে পাকিস্তান দ্বিতীয়। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই এক পয়েন্ট পাবে। গ্রুপ পর্বে কোনো রিজার্ভ ডে নেই।

আরো পড়ুন: