সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বৈরিতা বেড়েছে। ছেলেদের আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে রাজনৈতিক উত্তেজনায় টুর্নামেন্ট শুরুর আগে তাকে ছেড়ে দেয় তিনবারের চ্যাম্পিয়নরা।
সেই ঘটনার রেশ ধরে ভারতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। গত আগষ্ট-সেপ্টেম্বর তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে সরকারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ সফর স্থগিত করেছে বিসিসিআই।
দুই দেশের সম্পর্ক যে এখনো উন্নতি হয়নি সেটা বলার অপেক্ষা রাখেনি। ধারণা করা হচ্ছে, সেই ভাবনা থেকেই বাংলাদেশের কাউকে আইপিএল নিলামে রাখেনি ভারত। যদিও সেটার আনুষ্ঠানিক কোনো খবর নেই। বিসিবি কিংবা বিসিসিআইয়ের পক্ষ থেকেও এমন কিছু জানানো হয়নি। গত কয়েক মৌসুমের নিলামে বাংলাদেশের ক্রিকেটাররা ছিলেন।
এবার তাদের কেউ না থাকায় এমন গুঞ্জন ডালপালা মেলছে। যদিও আইপিএলে এখনো বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার এখনো সুযোগ পায়নি। আগামী ২৮ অক্টোবর কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। যেখানে ২৭টি জায়গার জন্য ১৪৬ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। ১১৯ জন ভারতীয় ক্রিকেটারের বিপরীতে বিদেশি ক্রিকেটার আছেন ২৭ জন।
সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন সোফিয়া ডাঙ্কলি ও সোফি মলিনিউ। ৪০ লাখের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জেস জোনাসেন, হেইদার গ্রাহাম, কিরান নাভগিরে ও জি কমলিনী। ৩০ লাখ রুপিতে নিবন্ধন করেছেন ৩০ জন ক্রিকেটার। সেই তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তা, অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিসের মতো ক্রিকেটার।
মাত্র ৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন ২০ লাখ রুপিতে। বাকি ১০৬ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১০ লাখ রুপি। ভারতের ১১৯ জন ক্রিকেটারের মধ্যে ২২জন ক্যাপড ও ৯৭ জন আনক্যাপড। ২৭টি জায়গার মধ্যে ২০ জন ভারতের এবং ৭ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন।