এবার সেই অপেক্ষা ঘুচতে যাচ্ছে। বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন বোল্ট। এর ফলে পুরো আসরেই পাওয়া যাবে তাকে। বিগ ব্যাশে খেলার জন্য মুখিয়ে আছেন এই কিউই পেসার। একই দলের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের আরেক পেসার লকি ফার্গুসনও একই দলের হয়ে মাঠে নামবেন।
এ প্রসঙ্গে সিডনির প্রকাশিত এক বিবৃতিতে বোল্ট বলেন, 'আবারও বিগ ব্যাশে খেলতে এবং থান্ডারে লকির সঙ্গে যোগ দিতে আমি উন্মুখ হয়ে আছি। সে যেভাবে দলের সঙ্গে মিশে যায়, আমিও সেভাবে অবদান রাখতে চাই এবং তার মতো ছাপ রাখতে চাই—শুধু দলের ওপর নয়, সমর্থকদের ওপরও।'
নিউজিল্যান্ডের হয়ে লম্বা সময়ে খেলেছেন বোল্ট। আবারও মাঠে আক্রমণাত্মক বোলিংয়ের পরিকল্পনা আঁটছেন তিনি। বোল্ট বলেন, 'বছরের পর বছর ধরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এখনও আমি এমন পর্যায়ে আছি, মাঠে নামতে, অবদান রাখতে, উইকেট নিতে এবং পাওয়ার প্লেতে আক্রমণাত্মক বোলিং করতে পছন্দ করি।'
বোল্টের খেলার কথা রয়েছে এসএ টোয়েন্টিতেও। সাউথ আফ্রিকার এই লিগে এম আই কেপটাউনের হয়ে খেলবেন বোল্ট। তবে থান্ডার যদি প্লে অফে উঠে যায় বোল্টকে কিছুটা বিপাকে পড়তে হতে পারে। কারণ আগামী ২৬ জানুয়ারি শেষ হবে বিগ ব্যাশ। আর এসএ টোয়েন্টি শুরু হবে ১৭ জানুয়ারি। দলটির হয়ে আসর শুরু করার কথা বোল্টের আগামী ২০ জানুয়ারি।
এদিকে গত জুনে থান্ডারের কোচ পরিবর্তন করা হয়েছে। ট্রেভর বেইলিসের স্থলাভিষিক্ত হ্যেছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। এবার তার অধীনেই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বোল্ট। বর্তমান সময়ে খুব বেছে বেছে খেলছেন এই কিউই ক্রিকেটার। সর্বশেষ ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিলেন তিনি। ১৬ উইকেট নিয়ে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা।