চুক্তির এক বছর বাকি থাকতেই চাকুরি হারালেন বন্ড

দ্য হান্ড্রেড
শেন বন্ড, ফাইল ছবি
শেন বন্ড, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুই বছরের চুক্তি থাকলেও এক মৌসুম শেষ না হতেই বার্মিংহাম ফিনিক্সের কোচের পদ হারালেন শেন বন্ড। দ্য হান্ড্রেডের ২০২৬ আসরে দলের হতাশাজনক পারফরম্যান্স ও ড্রেসিংরুমের অস্বস্তিকর পরিবেশের জেরে নিউজিল্যান্ডের সাবেক পেসারকে সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বার্মিংহামের হয়েই দ্য হান্ড্রেডে খেলার কথা ছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টটি খেলা হয়নি তার।

গত নভেম্বরে ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তিতে ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন বন্ড। কিন্তু এবারের আসরে প্রথম ম্যাচ জয়ের পর টানা সাত ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করে দলটি। এরপরই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। বিদায়ের বিষয়টি নিশ্চিত করে বন্ড জানিয়েছেন, চুক্তি শেষ করতে না পারায় তিনি ‘অবশ্যই খুব হতাশ’। তবে দলের ফলাফল প্রত্যাশা পূরণ করেনি, সেটিও মেনে নিয়েছেন তিনি।

ফিনিক্সের বাজে ফলাফলের পেছনে চোটও বড় ভূমিকা রেখেছে। অধিনায়ক ও দলের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার জ্যাকব বেথেল এবং তারকা পেসার মোস্তাফিজ টুর্নামেন্ট শুরুর আগেই চোটে ছিটকে যান। পাশাপাশি রেহান আহমেদ, ডোনোভান ফেরেইরা, মিচেল ওভেন ও সাকিব মাহমুদের মতো গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।

তবে টানা হারের চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ড্রেসিংরুমের পরিবেশ। হারের মিছিল দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ড খেলোয়াড় ও স্টাফদের একটি অংশের সমর্থন হারান বলে জানা গেছে। দলের পরিবেশ নিয়েও অসন্তুষ্ট ছিলেন তিনি। মৌসুম শেষে পর্যালোচনার পর তাই ২০২৭ আসরের আগেই কোচ বদলের সিদ্ধান্ত নেয় ফিনিক্স।

নতুন কোচ খুঁজতে দ্রুতই কাজ শুরু করবে ফিনিক্স। আগামী শুক্রবার থেকে দ্য হান্ড্রেডের খেলোয়াড় ধরে রাখার প্রক্রিয়া শুরু হওয়ায় নতুন কোচ নিয়োগে দেরি করতে চায় না তারা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ওয়ারউইকশায়ার ক্রিকেটার জোনাথন ট্রট ও ইয়ান বেলের নাম রয়েছে। এবারের পুরুষ দলে স্থানীয় ক্রিকেটারদের উপস্থিতি কম থাকায় সমালোচনার মুখে পড়েছিল ফিনিক্স, ফলে পরিচিত স্থানীয় কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দ্য হান্ড্রেডে এখনো পুরুষ বা নারী কোনো বিভাগেই শিরোপা জিততে পারেনি বার্মিংহাম ফিনিক্স। ২০২৬ সালে পুরুষ ও নারী দলের সম্মিলিত ‘হেলিক্স’ তালিকাতেও সবার নিচে ছিল তারা। এদিকে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ও ওয়ারউইকশায়ার। বিনিয়োগকারী হিসেবে আছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের ফুটবলার জুড বেলিংহাম।

সাদা বলের ক্রিকেটে ওয়ারউইকশায়ারের মৌসুমও ছিল হতাশার। পুরুষ ও নারী দলের কেউই কোনো প্রতিযোগিতার নকআউট পর্বে উঠতে পারেনি। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ছয় ম্যাচের পাঁচটিতে জিতে নবমবারের মতো শিরোপা নিশ্চিত করেছে ওয়ারউইকশায়ারের পুরুষ দল।

আরো পড়ুন: