এসএ টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাহিদ

এসএ২০
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগের পঞ্চম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশের তারকা পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ লাখ র‌্যান্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১১ লাখ টাকা প্রায়)। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের একজনই জায়গা পেয়েছেন।

এসএ টোয়েন্টি নিলামের জন্য মোট ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৫৬ জন ক্রিকেটার। ৯৫ সাউথ আফ্রিকান ক্রিকেটারের সঙ্গে আছেন ৬১ জন বিদেশি ক্রিকেটার। স্কোয়াডে ১৯ জন ক্রিকেটার থাকায় নিলামে অংশ নিচ্ছে না পার্ল রয়্যালস ও ডারবান সুপার জায়ান্টস।

অর্থাৎ নিলাম অংশ নেবে জোবার্গ সুপার কিংস, এমআই কেপটাউন, প্রিটোরিয়া ক্যাপিটালস ও সানরাইজার্স ইস্টার্ন কেপ। চার ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ১৯ জন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাবে। সেটার জন্য খরচ করতে পারবে ২.১১ মিলিয়ন মার্কিন ডলার। সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে সুপার কিংস ও কেপ টাউন।

এ ছাড়া প্রিটোরিয়া ৫ এবং সানরাইজার্স দলে নিতে পারবে দুজন ক্রিকেটার। নিলামে সবচেয়ে বড় তারকা ফাফ ডু প্লেসি। সাউথ আফ্রিকান সাবেক অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন জোবার্গ সুপার কিংসকেও। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে আছেন তিনি। ইটিপিএলে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৩৫ রান করেছেন ১৫১.৭ স্ট্রাইক রেটে। ডু প্লেসি ছাড়াও রাসি ভ্যান ডার ডাসেন, উইয়ান মুল্ডার ও নান্দ্রে বার্গার।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটময়ার, শামার জোসেফ, মোহাম্মদ নাবি, মোহাম্মদ গাজানফার, জর্ডান কক্স, অ্যানিউরিন ডোনাল্ড, রেহান আহমেদ, রিচার্ড গ্লিসন ও নাহিদের মতো ক্রিকেটার রয়েছেন। নিলামের আগেই এসএ টোয়েন্টিতে দল পেয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারকে দলে নিয়েছে সানরাইজার্স। আগামী ৭ অক্টোবর হবে নিলাম।

আরো পড়ুন: