বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন নিয়ে মুখ খুললেন নতুন মালিক

আইপিএল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,  ফাইল ছবি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মালিকানা বদলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নামও বদলে যেতে পারে-এমন আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন মালিকপক্ষ স্পষ্ট করে দিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির পরিচিত নামেই কোনো পরিবর্তন আসছে না। আইপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর এবার মাঠের বাইরেও ব্র্যান্ড হিসেবে নিজেদের আরও বড় করার পরিকল্পনা করছে তারা।

চলতি বছরের মার্চে ১৭ হাজার কোটি রুপির বেশি মূল্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শতভাগ মালিকানা কিনে নেয় আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। এই দলে রয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চার্স ও ব্ল্যাকস্টোনের স্থায়ী প্রাইভেট ইকুইটি শাখা। এত বড় মালিকানা পরিবর্তনের পরও দলের নাম ও পরিচিতি ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে নতুন মালিকেরা।

নতুন মালিকানায় দলের চেয়ারম্যান হয়েছেন আর্যমান বিড়লা। তার অধীনে প্রথম মৌসুমেই সাফল্য পেয়েছে বেঙ্গালুরু। রজত পাতিদারের নেতৃত্বে গুজরাট টাইটানসকে হারিয়ে আইপিএল ২০২৬-এর শিরোপা জেতে তারা। এর মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

নাম পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর এবার সেটি পরিষ্কার করেছেন আর্যমান নিজেই। রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে আর্যমান বিড়লা বলেন, 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই নাম পরিবর্তন হবে না। এটি বিশাল একটি ব্র্যান্ড এবং আমরা নামটিকে ভালোবাসি।'

নতুন মালিকদের পরিকল্পনা অবশ্য শুধু দলের নাম ধরে রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শুধু আইপিএলের দুই মাসের দল হিসেবে দেখতে চান না। সারা বছর সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, কমিউনিটি তৈরি করা এবং ক্রিকেটের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

এ প্রসঙ্গে ফরচুন ইন্ডিয়াকে দেওয়া বক্তব্যে আর্যমান বিড়লা বলেন, 'অন্যান্য খাত থেকে পাওয়া আয় ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশে নিতে পারলে সেখানেই আমাদের জন্য বড় মূল্য তৈরি হবে। একই সঙ্গে ক্রিকেটে গভীরভাবে বিনিয়োগ চালিয়ে যেতে হবে।'

আরো পড়ুন: