৭ বলে সাকিবের ২ উইকেট
ইনিংসের অষ্টম ওভারে আবারও সাকিবকে বোলিংয়ে ফেরান রাজাপাকশে। বোলিংয়ে এসেই প্রথম বলে উইকেট নিয়েছেন। বাঁহাতি স্পিনারের বলে স্টাম্প ছেড়ে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন কুশল পেরেরা। দ্বিতীয় ওভারেও ৯ রান খরচায় এক উইকেট নিয়েছেন সাকিব।
সাকিবকে দুই চার মেরে আউট উদারা
লাহিরু উদারা ও পবন সন্দেশের ব্যাটে ভালো শুরু পায় ক্যান্ডি রয়্যালস। তাদের দুজনের জুটি ভাঙতে সাকিবকে বোলিংয়ে আনেন ভানুকা রাজাপাকশে। সাকিবকে প্রথম তিন বলে দুই চার মারেন উদারা। তবে পরের বলেই ফিরতে হয়েছে তাকে। বাঁহাতি স্পিনারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে বোল্ড হয়েছেন উদারা। নিজের প্রথম ওভারে ৯ রান খরচায় এক উইকেট নিয়েছেন সাকিব।
হৃদয় ২১, সাকিব ২২*, জাফনা ২২১
টস হেরে ব্যাটিংয়ে নামা জাফনাকে ভালো শুরু এনে দেন আভিস্কা ফার্নান্দো ও কামিল মিশারা। ইনিংসের শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন তারা দুজন। পাওয়ার প্লেতে রীতিমতো তাণ্ডব চালান আভিস্কা ও মিশারা। তাদের ব্যাটে বিনা উইকেটে ৭৯ রান তোলে জাফনা। ইনিংসের অষ্টম ওভারে গিয়ে তাদের দুজনের জুটি ভাঙেন জহির খান। বাঁহাতি স্পিনারের ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বলে ৩৬ রান করা আভিস্কা।
ঝড়ো ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি মিশারার। পাঁচ ছক্কা ও দুই চারে ২৬ বলে ৪৯ রানের ইনিংস খেলে আউট হয়েছেন মঈনের বলে। তিনে নেমে সুবিধা করতে পারেননি ইব্রাহিম জাদরান। ৮ বলে ৮ রান করেছেন তিনি। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ভানুকা রাজাপাকশেও। ৭ রানে বোল্ড হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে। ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিলেন হৃদয়। তবে ইনিংসটা বড় করতে পারেননি তিনি।
মঈনের ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন হৃদয়। একটি করে চার ও ছক্কায় ১৬ বলে ২১ রান করেছেন। ডানহাতি ব্যাটার ফেরার পর ঝড় তুলেন চামিন্দু বিক্রমাসিংহে। চার ছক্কা ও তিন চারে ১৫ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। একটি করে ছক্কা ও চারে ১৬ বলে ২২ রান করেছেন সাকিব। শেষ পর্যন্ত ২২১ রানের পুঁজি পেয়েছে জাফনা। ক্যান্ডির হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন হাসারাঙ্গা ও মঈন।