নিউইয়র্কের হারের দিনে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

মেজর লিগ ক্রিকেট
সাকিব আল হাসান, ফাইল ফটো
সাকিব আল হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে টানা দুই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় এবার সাকিব আল হাসানকে পাঠানো হয় আট নম্বরে। নিচের দিকে নেমে অল্প সময়ের মধ্যেই কার্যকর একটি ইনিংস খেলেন তিনি। পরে বল হাতেও তুলে নেন চলতি আসরে নিজের প্রথম উইকেট। তবে সাকিবের এই অলরাউন্ড অবদানও এমআই নিউইয়র্কের হার এড়াতে পারেনি। ওয়াশিংটন ফ্রিডমের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে দলটি।

ডালাসে বাংলাদেশ সময় সোমবার ভোরের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান তোলে এমআই নিউইয়র্ক। দলের হয়ে দীর্ঘদিন পর ছন্দে ফেরেন অধিনায়ক নিকোলাস পুরান। ৪৪ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল আটটি ছক্কার মার।

পুরানের পাশাপাশি কুনওয়ারজিত সিং ২০ বলে ২৬ রান করেন। তবে দলের অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। সপ্তদশ ওভারে রোমারিও শেফার্ড ও কাইরন পোলার্ড দ্রুত বিদায় নেওয়ার পর ব্যাট করতে নামেন সাকিব। নেমেই দৃষ্টিনন্দন সুইচ হিটে চার মেরে নিজের ইনিংসের সূচনা করেন তিনি।

পরের ওভারে ডেন ডোয়ার্শাসের বিপক্ষে টানা তিন বলে রান তুলতে না পারলেও শেষদিকে সেই ঘাটতি পুষিয়ে দেন সাকিব। সৌরাভ নেত্রাভাল্কারের এক বল মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠানোর পর পরের বলেই তৃতীয় ম্যান অঞ্চল দিয়ে চার আদায় করেন তিনি। শেষ ওভারে মাত্র দুটি বল খেলার সুযোগ পান সাকিব। একটি বলে এক রান নেওয়ার পর শেষ বলে বড় শট খেলতে গিয়ে বিদায় নেন। ১৩ বলে অপরাজিত ১৮ রান আসে তার ব্যাট থেকে।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়াশিংটন। আগের ম্যাচের মতো এবারও নিজের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে সাফল্য পান সাকিব। তার দ্বিতীয় বলেই বড় শট খেলতে গিয়ে লং অনে ধরা পড়েন মিচেল ওয়েন। চলতি আসরে তিন ম্যাচে এটি সাকিবের প্রথম উইকেট। তিন ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

পরের ওভারে ট্রেন্ট বোল্ড ফিরিয়ে দেন স্টিভেন স্মিথকে। তবে দুই উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ওয়াশিংটন। রাচিন রবীন্দ্র ও আন্দ্রিয়েস হাউস তৃতীয় উইকেটে ৬৮ বলে ১১৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন।

রবীন্দ্র ৩০ বলে ৬০ রান করে বিদায় নিলেও হাউস শেষ পর্যন্ত দলের জয় প্রায় নিশ্চিত করে মাঠ ছাড়েন। যুক্তরাষ্ট্রের এই উইকেটরক্ষক ৫৪ বলে ৯৬ রান করেন। তার ইনিংসে ছিল আটটি ছক্কার মার, যা ওয়াশিংটনের রান তাড়াকে আরও সহজ করে তোলে।

শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় তুলে নেয় ওয়াশিংটন ফ্রিডম। ১০ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তারা আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে এমআই নিউইয়র্ক।

আরো পড়ুন: