এমএলসির চলতি আসরে সান ফ্রান্সিসকোর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন অশ্বিন। টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ২ ওভারে ২৪ রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি। অশ্বিনের অনুপস্থিতিতে অধিনায়ক ম্যাথু শর্ট বল হাতে আলো ছড়িয়েছেন। চলতি আসরে তিনিই সান ফ্রান্সিসকোর সর্বোচ্চ উইকেটশিকারি। শর্টের সঙ্গে স্পিনার হিসেবে আছেন অনিরুধ ইমানুয়েল ও হাসান খান।
এদিকে ডান পায়ের হাঁটুর চোটে ছিটকে যাওয়ায় হতাশ অশ্বিন। ভারতের সাবেক স্পিনার বলেন, ‘মৌসুমটা দ্রুতই শেষ হওয়ায় আমি হতাশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন ইনজুরির জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে সময়টা উপভোগ করেছি এবং টুর্নামেন্টের বাকি অংশে ছেলেদের জন্য চিয়ার করব।’
অশ্বিন খুব বেশি ম্যাচ খেলতে না পারলেও দল হিসেবে দারুণ ছন্দে সান ফ্রান্সিসকো। এখনো পর্যন্ত ৮ ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। পরবর্তীতে আইপিএল ছেড়েছেন ২০২৫ মৌসুম শেষে।
ভারতের অফ স্পিনারের পরবর্তী গন্তব্য আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড। তিন দেশের প্রচেষ্টায় আগামী ২৬ আগষ্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) প্রথম আসর। ছয় দলের টুর্নামেন্টে ডাবলিন গার্ডিয়ান্সের অধিনায়ক ও মেন্টরের দায়িত্বে থাকবেন অশ্বিন।