ম্যাচ চলাকালে চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত কথোপকথনে জড়িয়ে পড়েন ফ্লাওয়ার। মাঠের বাইরে দাঁড়িয়ে ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রচারের শব্দেও তার কিছু আপত্তিকর শব্দ ধরা পড়ে। পরে আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করেন তিনি।
এ ঘটনায় বেঙ্গালুরুর প্রধান কোচকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করে আইপিএল কর্তৃপক্ষ। আচরণবিধির প্রথম স্তরের অপরাধ হিসেবে এই শাস্তি দেয়া হয়েছে। ম্যাচ রেফারির সিদ্ধান্তও মেনে নিয়েছেন ফ্লাওয়ার।
রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতরাতের ম্যাচটি লো স্কোরের হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ব্যাটারদের জন্য খুব সহজ ছিল না উইকেট। দুই দলকেই রান তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছে।
আগে ব্যাট করে মুম্বাই তোলে ১৬৬ রান। তিলক ভার্মার অর্ধশতক ও নামান ধীরের কার্যকর ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় দলটি। বেঙ্গালুরুর হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ভুবনেশ্বর কুমার। চার ওভারে চার উইকেট নেন এই পেসার।
জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বেঙ্গালুরু। বিরাট কোহলি, রজত পাতিদার, দেবদত্ত পাড়িকাল ও রোমারিও শেফার্ড দ্রুত ফিরলে কঠিন হয়ে যায় পথ। সেই অবস্থায় চোট নিয়েই লড়াই চালিয়ে যান ক্রুনাল পান্ডিয়া। দলের বিপর্যয়ের মাঝেও দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফেরান বেঙ্গালুরুকে।
ক্রুনালের ৭৩ রানের ইনিংসই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ ওভারের শেষ বলে রাশিখ সালাম ও ভুবনেশ্বর কুমার দুই রান নিয়ে নিশ্চিত করেন বেঙ্গালুরুর রুদ্ধশ্বাস জয়।