অভিজ্ঞ এই অলরাউন্ডাকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে করাচি লিখেছে, 'রয়্যাল পাওয়ার অন টপ, ইংল্যান্ডের ধ্বংসাত্বক ওপেনার জেসন রয়কে কিংসদের স্কোয়াডে স্বাগত জানাচ্ছি। মুহাম্মদ ওয়াসিমের বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন তিনি।'
এর আগে মোট সাত মৌসুম পিএসএলে খেলেছেন রয়। লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে মাঠে নেমে ৩৮ ম্যাচে ১২শ'র বেশি রান করেছেন তিনি। ১৪৬.৭১ স্ট্রাইকরেট ও ৩৬ এর বেশি গড়ে এই রান করেছেন রয়।
পিএসএলে দুইটি সেঞ্চুরি ও আটটি ফিফটিও আছে এই ইংলিশ ওপেনারের। এ ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ১১৬ ওয়ানডে, ৬৪ টি-টোয়েন্টি ও পাঁচটি টেস্ট খেলেছেন তিনি।
এবারের আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে করাচি। প্রথম তিন ম্যাচে জিতে আসরে দুর্দান্ত শুরু করলেও সবশেষ দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চার নম্বরে নেমে গেছে সাবেক চ্যাম্পিয়নরা।
এর আগে জাতীয় দলের খেলা থাকায় মোহাম্মদ ওয়াসিমকে ছেড়ে দিতে হয় করাচিকে। সংযুক্ত আরব আমিরাতের এই অধিনায়ক সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্ম নিয়ে পিএসএলে খেলতে এলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পাঁচ ম্যাচে মাঠে নেমে মোটে ৮৬ রান করেন তিনি।