‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করে ক্রিকেটকে কঠিন করতে চাই না’

এসএ টোয়েন্টি
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টির সবগুলো দলের মালিকানাতেই যুক্ত আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবুও এসএ টি-টোয়েন্টিতে আইপিএলের মতো 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম চালু করার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ। এই নিয়ম চালু করে ক্রিকেটকে দর্শকদের জন্য কঠিন কঠিন করে তুলতে চান না তিনি।

২০২৩ সালে প্রথমবারের মতো আইপিএলে চালু করা হয় 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম। এই নিয়মের ফলে ম্যাচের যেকোনো মুহুর্তে কৌশলগত কারণে মূল একাদশে খেলোয়াড় পরিবর্তন করতে পারে দলগুলো। তবে একাদশে চারজন বিদেশি নিয়ে ম্যাচ শুরু করলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র একজন ভারতীয়কেই নামানো যাবে। যদিও এই নিয়ম নিয়ে আইপিএলের দলগুলোর অধিনায়কদেরও আছে অসন্তোষ। তাদের দাবি এই নিয়ম ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব কমিয়ে দিচ্ছে। এই দাবির সাথে একমত স্মিথও।

সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক একটি কলামে লিখেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি এখন বেশ আলোচনার বিষয় এবং এর সুবিধা-অসুবিধা দুটোই আছে। এটি খেলায় আরও একজন স্থানীয় খেলোয়াড়কে সুযোগ দেয়, যা ভারতীয় প্রতিভাদের আইপিএল পর্যায়ে নিজেদের দেখানোর সুযোগ বাড়ায়। এটা অবশ্যই ইতিবাচক দিক। তবে আমার মনে হয়, এতে অধিনায়কত্বের সূক্ষ্মতা কিছুটা কমে যায়, আর অলরাউন্ডাররা কিছুটা অসন্তুষ্ট, কারণ এতে তাদের ভূমিকা আগের মতো গুরুত্বপূর্ণ থাকে না।'

‎চার মৌসুম ধরে আইপিএলে এই নিয়ম বলবৎ থাকলেও এখনো এই নিয়ম পুরোপুরি পছন্দ হয়নি সাধারণ দর্শকদের। এসএ টি-টোয়েন্টি দিয়ে সাউথ আফ্রিকার নতুন দর্শকদের মাঝে ক্রিকেটকে ছড়িয়ে দিতে কাজ করছে ক্রিকেট সাউথ আফ্রিকা। তাই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম সে পথে বাধা হতে পারে বলেও মনে করেন সিএসএ'র পরিচালক স্মিথ।

স্মিথ বলেন, 'আমরা এসএ টি-টোয়েন্টির এই প্রাথমিক পর্যায়ে এই নিয়মটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা নতুন দর্শকদের খেলাটির সঙ্গে পরিচয় করাতে চাই। আর নতুন দর্শকদের জন্য এমনিতেই জটিল একটি খেলাকে আরও জটিল করে তুলতে চাই না।'

আরো পড়ুন: