মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

আইপিএল
আইপিএল
আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে ভারতীয় বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় বোর্ড সত্যিই মুস্তাফিজকে বাদ দিতে চাপ দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখে কুলুপ এঁটে রাখলেন অরুণ সিং ধুমাল।

গত বছরের ডিসেম্বরে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে ভারতের বিভিন্ন অংশে বিশেষ করে কলকাতায় আন্দোলনে নামেন সেই দেশের রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ আনে সেই দেশের বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন ও কয়েকজন ধর্মীয় গুরু।

সেই ঘটনার প্রেক্ষিতে চাপে পড়ে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কলকাতাও বোর্ডের কথা মেনে বাংলাদেশের পেসারকে ছেড়ে দেয়। মুস্তাফিজের সঙ্গে এমন আচরণ করায় নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় বাংলাদেশ। সবশেষ কয়েক বছরে উপমহাদেশে ক্রিকেটের সঙ্গে প্রচুর রাজনীতি মিশে গেছে।

২০০৯ সালের পর থেকে পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল না খেলাও সেটার অংশ। চলতি বছরের জানুয়ারিতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াও ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিশে যাওয়ার একটা ছবি। আইপিএলকে রাজনীতির বাইরে রাখা সম্ভব কিনা, এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় অরুণ ধুমালকে। যদিও তিনি জানান, ক্রিকেটে নাক গলায় না বিসিসিআই।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে আইপিএল চেয়ারম্যান বলেন, ‌‌‌‘আমি বলব মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা তা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না ক্রিকেটের দৈনন্দিন পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা আছে। ক্রিকটের সার্বিক দিক থেকে সরকার খুবই আন্তরিক।’

সেই সময় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ভারতীয় বোর্ডের নির্দেশেই মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা। যদিও আইপিএল চেয়ারম্যান সেটা নিয়ে তেমন কিছুই বললেন না। বরং মুস্তাফিজের বাদ পড়ার ঘটনাকে শুধুমাত্র দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে গেছেন।

মুস্তাফিজকে বাদ দিতে ভারতীয় বোর্ড কলকাতাকে চাপ প্রয়োগ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে অরুণ ধুমাল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব ওইটা (আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া) দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই।’

আরো পড়ুন: