সূর্যকুমার কেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’, খোলাসা করলেন জয়াবর্ধনে

আইপিএল
মাহেলা জয়াবর্ধনে ও সূর্যকুমার যাদব, ফাইল ফটো
মাহেলা জয়াবর্ধনে ও সূর্যকুমার যাদব, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচের একাদশ কিছুটা চমকে ওঠার মতই ছিলো। কদিন আগেই ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ও দলের সহ-অধিনায়ক সূর্যকুমার যাদবকে বাইরে রেখেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একাদশ সাজায় মুম্বাই। পরে অবশ্য 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিংয়ে নামেন সূর্যকুমার। ম্যাচ শেষে মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন সূর্যকুমারকে কিছুটা বিশ্রাম দেবার জন্যই মূল একাদশে তাকে রাখা হয়নি।

জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত অধিনায়ক হলেও আইপিএলে সহ-অধিনায়কের ভূমিকাতেই খেলছেন সূর্যকুমার। দলে আছেন আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মাও। তাই মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াসহ রোহিত ও সূর্যকুমারকে ঘিরে নানান গুঞ্জন ডানা মেলে নিয়মিতই। এবারের আইপিএলের প্রথম ম্যাচেই সূর্যকুমারকে একাদশে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গুঞ্জন আরো তীব্র হয় ম্যাচ চলাকালীন সময়েই।

গত মৌসুমে দলটির সাবেক অধিনায়ক রোহিতকে বেশ কয়েকবার মূল একাদশের বাইরে রেখে পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হয়। রোহিতের ইনজুরির কথা বিবেচনা করেই এমনটি করা হয়। এই ম্যাচেও তেমন কিছুই হয়েছে সূর্যকুমারকে নিয়ে। মুম্বাইয়ের প্রধান কোচ জয়াবর্ধনে ইঙ্গিত দিয়েছেন তেমনটাই।

ম্যাচ শেষে জয়াবর্ধনে বলেন, 'আশা করি আপনারা অপ্রয়োজনীয় গল্প তৈরি করবেন না। দলের পরিবেশ খুব ভালো, সবাই খুশি। স্কাই (সূর্যকুমার) এসে আমাদের সাথে যোগ দিয়েছে। সে নিজেও কয়েকটা অতিরিক্ত দিন চেয়েছিল। তার একটু গ্রোয়িনে (কুঁচকি) টান ছিল। সে ফিল্ডিং করছিল। আমি জানতাম, এই ম্যাচের পর আমাদের পরের ম্যাচ পর্যন্ত পাঁচ দিন সময় আছে। তাই আমি তাকে একটু বেশি সময় দিতে চেয়েছি।

তিনি আরো যোগ করেন, 'শেষদিকে সে নিজেও ৩-৪ ওভার খেলতে আগ্রহী ছিল। আমি বলেছি, না- সব ঠিক আছে। এটা শুধু একটি পরিবর্তন। দয়া করে কোনো গল্প তৈরি করবেন না। কিছুটা চোট ছিল, তাই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরো মৌসুমজুড়ে এমন মূল্যবান খেলোয়াড়দের ফিট রাখা খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদের এবং ম্যানেজমেন্টের হিসেব করে নেয়া সিদ্ধান্ত, এর বাইরে কিছু নয়।'

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আট বলে ১৬ রানের ক্যামিও খেলে আউট হন সূর্যকুমার। যদিও এর আগেই মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত ও রায়ান রিকেলটনের ব্যাটে চড়ে কলকাতা নাইট রাইডার্সের দেয়া ২২১ রানের লক্ষ্য তাড়া করার কাজটা সহজ হয়ে গিয়েছিলো তাদের। দুই ওপেনারের ৭১ বলে ১৪৮ রানের জুটিতে ১৩ বছর পর জয় দিয়ে মৌসুম শুরু করে মুম্বাই।

আরো পড়ুন: