মূলত 'চোটের বাহানা' দেখিয়ে আইপিএলে খেলছেন না অস্ট্রেলিয়ার পেসাররা- এমন গুঞ্জনও তুলেছেন ক্রীড়া বিশ্লেষকদের কেউ কেউ। এই পরিস্থিতিতে কয়েকটি মহল থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক কেটে নেয়ার দাবিও উঠেছে। এরই মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করছেন স্টার্ক। দিল্লি ক্যাপিটালসের এই পেসার চোট ও অনুপস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি নিয়ে জবাব দিয়েছেন।
স্টার্ক বলেন, 'ভারতের বিভিন্ন গণমাধ্যমে কিছু ব্যক্তি তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে যে মতামত ও মন্তব্য দিচ্ছেন, সেগুলোর পরিপ্রেক্ষিতে জানাতে চাই আমি বর্তমানে কাঁধ ও কনুইয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছি। অস্ট্রেলিয়ার মৌসুম চলাকালীন এই চোটের পুরো মাত্রা বুঝতে পারিনি। অনেকেই আমার অংশগ্রহণ নিয়ে ভুল ধারণা ছড়াচ্ছেন এবং নিজেদের মতামতকে সত্য হিসেবে উপস্থাপন করছেন।'
চোটের কারণে শুরুর ম্যাচগুলোতে খেলতে না পারায় দুঃখ প্রকাশ করে স্টার্ক বলেন, 'এই সময়টা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি শুরুতে থাকতে না পারায় দুঃখিত। সমর্থকদের কাছেও ক্ষমা চাইছি। তবে আমি দলে যোগ দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুত ফেরার জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
অস্ট্রেলিয়ার মৌসুম শেষে কাঁধ ও কনুইয়ের সমস্যায় পড়েন স্টার্ক, এ কারণেই মাঠের বাইরে তিনি। যদিও দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন স্টার্ক। যত দ্রুত সম্ভব দলে ফিরতে কাজ করে যাচ্ছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার্ককে ঘিরে সমালোচনার জবাব দিয়েছেন তার স্ত্রী অ্যালিসা হিলিও। এক সমর্থক তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললে হিলি বলেন, 'সে চোটে আছে বলেই খেলতে পারছে না। পুরোপুরি সুস্থ না হলে মাঠে নামা সম্ভব নয়।'