খেলোয়াড়দের শেখাচ্ছেন কীভাবে বল মাঠের বাইরে পাঠাতে হয়। আইপিএল শুরুর আগেই ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি। এবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের নতুন ভূমিকা নিয়ে মুখ খুলেছেন এই ক্যারিবিয়ান তারকা। তার কাছ থেকেই বড় শটের রশদ নিচ্ছেন টিম সেইফার্ট-ক্যামেরন গ্রিনরা।
এ প্রসঙ্গে রাসেল বলেন, 'আমি মানুষকে শেখাই কিভাবে ছয় মারতে হয়। আমার মানসিকতায় বিশেষ প্রভাব পড়েনি (কোচের ভূমিকা)। মূল উদ্দেশ্য হলো সব সেই খেলোয়াড়দেরকে কিছু দিয়ে আসা, যাদের সঙ্গে খেলেছি বা যাদের বিপক্ষে খেলেছি।’
মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সে রাসেলের অবদানের স্বীকৃতি হিসেবে তার ১২ নম্বর জার্সিকে আজীবনের জন্য তুলে রেখেছে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার দলটির হয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন এবং ২০১৪ ও ২০২৪ সালে শিরোপা জয়ের অংশ ছিলেন।
আইপিএল থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও সক্রিয় তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং সাউথ আফ্রিকার এসএ২০ টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। কদিন আগেই তিনি জানিয়েছিলেন খেলা চালিয়ে যেতে চান তিনি। পাশাপাশি কোচিংও করাবেন তিনি।