লাহোর কালান্দার্স ও হায়দরাবাদের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ৮ দলের পিএসএলের। সবশেষ কয়েক বছরে লাল বলের সঙ্গে টেস্টে যুক্ত করা হয়েছে গোলাপি বল। দিবা-রাত্রির টেস্টে ব্যবহার করা হয় সেই বল। যদিও পিএসএলের উদ্বোধনী ম্যাচেই গোলাপি বলের ছোঁয়া পাওয়া গেল। সাদা বলে ম্যাচ শুরু হলেও ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই বলের রঙ পরিবর্তন হতে শুরু করে। একটা সময় পর গিয়ে সেটা মেরুন রঙও ধারণ করে।
ফিল্ডিংয়ের সময় বলের উজ্জ্বলতা বাড়াতে ট্রাউজার কিংবা জার্সিতে বল ঘষেন ক্রিকেটাররা। পিএসএলের প্রথম ম্যাচে হায়দরাবাদের ফিল্ডাররাও সেটাই করেছেন। তবে মেরুন জার্সির রঙ ঠিকঠাক স্থায়ী না হওয়ায় ঘর্ষণের ফলে সেই রঙ বলের উপর লেগে যাচ্ছিল। ইনিংসের একেবারে শুরুতে আম্পায়ারের সঙ্গে এটি নিয়ে কথাও বলতে দেখা যায় ল্যাবুশেনকে। হায়দরাবাদের অধিনায়ক জানান, পেশাদার ক্রিকেটে আগে কখনো এমন কিছু দেখেননি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ল্যাবুশেন বলেন, ‘আমি দ্বিতীয় ওভারের পর আম্পায়ারদের বলেছিলাম, ‘কী হচ্ছে? বলটা তো লাল।’ ব্যাট বা প্যাড থেকে সামান্য পরিমাণে রং ছিটকে আসাটা অস্বাভাবিক না হলেও এটা একেবারেই আলাদা। আমি কয়েকবার দেখেছি যে কারও ব্যাটে কিছু একটা লেগে থাকে এবং তা বলে চলে আসে, অথবা প্যাডে লেগে প্যাডের কিছুটা রং তুলে নেয়। কিন্তু আমি কখনো কারও পোশাকে এমনটা দেখিনি। আমি নিশ্চিত আগামী কয়েক ম্যাচের মধ্যেই এর সমাধান করা হবে।’
লাহোরের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন হারিস রউফ। পাকিস্তানের তারকা পেসারের ভাবনাটা অবশ্য ভিন্ন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট বাড়ছে। এজন্য পিএসএলে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি পিসিবি। যার ফলে চেয়ারগুলো সবই ফাঁকা। হারিস মনে করেন, গ্যালারির সিটগুলো ফাঁকা থাকায় বল জোরে গিয়ে চেয়ারে লাগায় রঙ পরিবর্তন হতে পারে।
হারিস বলেন, ‘আমি নিশ্চিত নই কে বল পরিবর্তন করিয়েছে। এটা জার্সির কারণে হয়েছিল কি না, আমরা নিশ্চিত করে বলতে পারি না। বলটি কয়েকবার মাঠের বাইরে গ্যালারিতে চলে গিয়েছিল, তাই সিটের কারণে এমনটা হয়ে থাকতে পারে। যতক্ষণ ব্যাটাররা বলটি পরিষ্কারভাবে দেখতে পারছিল, তারা ব্যাটিং চালিয়ে গেছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনায় আছে পিএসএলের এই বলের রঙয়ে পরিবর্তন হবার বিষয়টি। অনেকে তো মজা করে পিএসএলের প্রথম ম্যাচকে ‘পিংক বল টি-টোয়েন্টি ম্যাচ’ বলেও আখ্যা দিচ্ছেন। তবে শুধু সমর্থকরা নন, এই ট্রেন্ডে যোগ দিয়েছে হায়দরাবাদ দলও। ম্যাচ শেষে হায়দরাবাদের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে ‘প্রথম পিংক বল ম্যাচ’ জেতার জন্য লাহোরকে অভিনন্দন জানানো হয়।