দুর্দান্ত ব্যাটিংয়ে একটু পর হাফ সেঞ্চুরি করেন ফখর। স্পিনার লাবুশেনের বলে চার মেরে ৩৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার। তবে পরের বলেই উইকেট হারায় লাহোর। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন আব্দুল্লাহ শফিক। ৫ বলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। পরের ওভারে আউট হয়েছেন ফখর নিজেও। হাসানের বলে সুইপ করে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন সাইমের হাতে।
১০ চারে ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন ফখর। চারে নেমে সুবিধা করতে পারছিলেন না পারভেজ ইমন। তাকে সঙ্গ দেওয়া হাসিবুল্লাহও দ্রুত রান তুলতে পারছিলেন না। একটু পর আউট হয়েছেন পারভেজ ইমন। অভিষেকটা রাঙাতে পারেননি বাংলাদেশের ব্যাটার। রাইলি মেরেডিথের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন ১৩ বলে ১৪ রান করে।