অধিনায়কদের আপত্তি সত্ত্বেও বোর্ড তাদের অবস্থান বদলাচ্ছে না বলেই জানা গিয়েছে। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম বহাল রাখার বিষয়ে বোর্ড ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে অন্তত আপাতত এই নিয়মে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
বোর্ডের এক সূত্র জানায়, 'বেশিরভাগ অধিনায়কই এই নিয়ম নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। নিজেদের অসুবিধার কথাও তুলে ধরেছে। তবে বোর্ড স্পষ্ট করেছে, ২০২৭ সাল পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। এখন কোনও বদল আনা হবে না। ২০২৭ এর পর ভেবে দেখা হবে।'
এই নিয়ম নিয়ে সরব হয়েছেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলও। তার মতে, এই নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে, “আমি নিজে অলরাউন্ডার হওয়ায় এই নিয়ম পছন্দ করি না। আগে নির্দিষ্ট ভূমিকার জন্য অলরাউন্ডারদের নেয়া হত, এখন দলগুলো আলাদা করে ব্যাটার বা বোলার বেছে নিচ্ছে।'
এদিকে শিশিরের প্রভাব মোকাবিলায় বল বদলের নিয়ম নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। গত বছর দ্বিতীয় ইনিংসের ১০ ওভার পরে বল বদলের নিয়ম চালু করা হয়েছিল। তবে এবার এক অধিনায়ক প্রস্তাব দেন, প্রথম ইনিংসেও একই নিয়ম কার্যকর করা হোক। যদিও এই প্রস্তাব তেমন সমর্থন পায়নি।
সূত্রের বক্তব্য, 'এই প্রস্তাব প্রায় কেউই সমর্থন করেনি। সাধারণত দ্বিতীয় ইনিংসেই শিশিরের প্রভাব বেশি দেখা যায়। তাই আপাতত আগের নিয়মই বজায় থাকছে।'
অন্যদিকে ক্যাচ নেয়ার নিয়ম নিয়েও নতুন করে সতর্ক করেছে বোর্ড। জানানো হয়েছে, কোনও ক্রিকেটার বল ধরার পর সেটি ও তার শরীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারলেই সেটি বৈধ ক্যাচ হিসেবে গণ্য হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ক্যাচ ধরা হয়েছে বলে ধরা হবে না। এই নির্দেশিকা এ বার কঠোর ভাবে মানা হবে।