ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টসের পর ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মাইমুনা নাহার। ২৬ বল খেলেন তিনি। এ ছাড়া সাদিয়া আক্তার করেন ১৭ রান। এই দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৭.৩ ওভারে ৫৮ রানেই অলআউট হয় দল।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লিমানসা। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ।
৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার উমায়াঙ্গানা পেইরিসকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারজানা ইয়াসমিম মেধা। তবে সেই ধাক্কা সামলে দ্রুত রান তুলতে থাকে লঙ্কানরা। আরেক ওপেনার বিমোক্ষা ১৮ বলে ২২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
শেষ দিকে নেথমি ও লিমানসার ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৫৬ বল হাতে রেখেই আট উইকেটের জয় নিশ্চিত করে তারা। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিম মেধা ও তিথি দাস অপর্ণা একটি করে উইকেট নেন।
এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর একই মাঠে শিরোপার লড়াইয়ে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।