ভারতের বিপক্ষে জয় দ্বিগুণ তৃপ্তির: এনামুল

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস
এনামুল হক জুনিয়র
এনামুল হক জুনিয়র
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টুর্নামেন্টজুড়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। একের পর এক হারে অনেকটাই পিছিয়ে পড়েছিল দলটি। তবে ভারতের বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয় নতুন করে আশা দেখাচ্ছে বাংলাদেশকে। এই জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। রনি তালুকদারের ৪০, আরাফাত সানির ৩৭ ও নাসির হোসেনের ২৪ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় দলটি। জবাবে ভারতের ইনিংস থামে ১৩৮ রানে। পাওয়ার প্লেতে ভারতকে চাপে রাখা এবং পরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখে বাংলাদেশের বোলাররা।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় এনামুল জানান, দলীয়ভাবে ভালো করতে না পারলেও ভারতের বিপক্ষে জয়ের জন্য আগে থেকেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তাঁরা। তিনি বলেন, 'সত্যি কথা বলতে, দলীয়ভাবে আমরা আসলে টুর্নামেন্টে ভালো খেলতে পারিনি। তবে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, এমন একটি ম্যাচ জেতার জন্য। আমাদের বিশ্বাস ছিল, পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারলে জয়ের সুযোগ থাকবে। বোলাররা সেখানে বিশেষ করে অনেক ভালো করেছে। পাওয়ার প্লেতে ভারত মাত্র ৩৪ রান করেছে এবং ৩টি উইকেট হারিয়েছে'

নিজের পারফরম্যান্স নিয়ে তৃপ্তি লুকাননি এনামুল। বাংলাদেশের প্রথম জয় এবং সেই ম্যাচে তার বোলিংয়ের অবদানকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন এই স্পিনার। তার ভাষায়, 'বাংলাদেশ প্রথম ম্যাচ জিতবে, আর আমার বোলিং স্পেলে জিতবে, এটি আমার জন্য দ্বিগুণ পাওয়া বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আজ নিজের সেরা বোলিং করার চেষ্টা করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, বাংলাদেশ ম্যাচটি জিতেছে।'

টুর্নামেন্টের উইকেট ও মাঠের আকার বিবেচনায় বাংলাদেশের স্পিনারদের পারফরম্যান্সকে ইতিবাচকভাবে দেখছেন এনামুল। তার মতে, ছোট মাঠ ও ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের স্পিন আক্রমণ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

তিনি বলেন, 'আমার কাছে মনে হয়েছে, আমাদের স্পিন আক্রমণ টুর্নামেন্টের সেরা। প্রতিটি স্পিনার এখানে লড়াই করেছে। মাঠ ছোট, উইকেট ফ্ল্যাট, কিন্তু আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। পুরো টুর্নামেন্টে আমাদের স্পিনাররা সময়মতো দলের জন্য মোড় ঘোরানো সাফল্য এনে দিয়েছে।'

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাফ ডু প্লেসিস, এবিডি ভিলিয়ার্সদের নিয়ে গড়া প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপকে সমীহ করলেও সেই ম্যাচেও জয়ের স্বপ্ন দেখছেন এনামুল। তিনি বলেন, 'সামনে কঠিন একটি চ্যালেঞ্জ, সাউথ আফ্রিকা টুর্নামেন্টের সেরা দল। তবে আপনি কখনোই জানেন না, আমাদের দিনে আমরা হয়তো তাদের হারিয়ে দিতে পারি।'

আরো পড়ুন: