সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিসিবিকে তারা জানিয়েছে, সিরিজ আয়োজনের জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। এ কারণে বাংলাদেশ দলের নির্ধারিত যাত্রা পিছিয়ে গেছে।
বিসিবির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে পুরো প্রক্রিয়াটি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। ভিসা দেয়ার বিষয়টি বিসিবির নিয়ন্ত্রণের বাইরে থাকায় আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
এদিকে সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত রেখেছে বিসিবি। ভিসা হাতে পেলেই দ্রুত ওমানে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের এই যুব ওয়ানডে সিরিজ খেলতে ওমানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের যুবাদের। তবে ভিসা ও প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত জটিলতায় সফরটি অনিশ্চয়তার মুখে পড়েছে। কবে নাগাদ দলটি ওমানের উদ্দেশে রওনা হতে পারবে, তা এখনো নিশ্চিত নয়।
সিরিজের পাঁচটি ম্যাচ হওয়ার কথা ১৩, ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর। বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের সব কটি ম্যাচই হওয়ার কথা ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। তবে ভিসা জটিলতায় সফর পিছিয়ে যাওয়ায় ম্যাচের সংখ্যা কমে আসার শঙ্কা তৈরি হয়েছে।
আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করেছে আফগানিস্তান। আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হবে যুব এশিয়া কাপ, ফাইনাল ১৪ নভেম্বর। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে পরের পর্বে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসেন রনি, আল রাফি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, আল আমিন হোসেন, সাকিল খান, মেহেরাব হাসান সিজান, রাকিবুল হোসেন, রবিউল ইসলাম অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও এসকে জারিফ সিয়াম।