দেরিতে ওমান গেলেও নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফেরার কথা বাংলাদেশ দলের। সে ক্ষেত্রে সিরিজের ম্যাচের সংখ্যা কমে আসতে পারে। পুরো বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড গত ৫ অক্টোবর সিরিজের সূচি ঘোষণা করে। সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে আছেন ফরিদ হাসান ফয়সাল। সবশেষ যুব দলেও ছিলেন তিনি। এ ছাড়া জিডি ট্রফিতে খেলা আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, এসকে জারিফ সিয়াম ও রুবাই ইসলাম রিজনও আছেন দলে।
সূচি অনুযায়ী, সিরিজের বাকি চারটি ম্যাচ হওয়ার কথা ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর। বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের সব কটি ম্যাচই হওয়ার কথা ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। তবে ভিসা জটিলতায় সফর পিছিয়ে যাওয়ায় ম্যাচের সংখ্যা কমে আসার শঙ্কা তৈরি হয়েছে।
আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করেছে আফগানিস্তান। আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হবে যুব এশিয়া কাপ, ফাইনাল ১৪ নভেম্বর। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে পরের পর্বে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসেন রনি, আল রাফি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, আল আমিন হোসেন, সাকিল খান, মেহেরাব হাসান সিজান, রাকিবুল হোসেন, রবিউল ইসলাম অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও এসকে জারিফ সিয়াম।