লাঞ্চের পর আফগানিস্তান ভালো কামব্যাক করেছে: সাদমান

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
হাফ সেঞ্চুরির পথে সাদমান
হাফ সেঞ্চুরির পথে সাদমান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নের মতো। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান মিলে তুলে নিয়েছিলেন ১২৪ রানের জুটি। সেখান থেকেই ৮ উইকেটে ৩১৭ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল।

এর পেছনে আফগানিস্তানের বোলারদেরই কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম। তিনি মনে করেন লাঞ্চের পর দারুণভাবে কামব্যাক করেছেন আফগানিস্তানের বোলাররা। এ কারণে ভালো শুরুর পরও দিনের শেষে ৮ উইকেট নেই বাংলাদেশের।

বিসিবির পাঠানো এক ভিডিওতে সাদমান বলেন, 'আমাদের শুরুটা মোটামুটি ভালো ছিল, কিন্তু হয়তোবা আমাদের যে শুরুটা ছিল আরেকটু ভালো হতে পারতো। পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। দুর্ভাগ্যবসত আমাদের বড় একটা জুটির পরে হঠাৎ কয়েকটা উইকেট পড়ে গেছে।'

দিনের প্রথম সেশনে আফগানস্তানের বোলারদের ওপর রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন তানজিদ। তিনি ৭১ বলে খেলেন ৮৩ রানের ঝড়ো ইনিংস। এরপর সাদমান ও মুমিনুলও দারুণ এক জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দ্বিতীয় উইকেটে সাদমান মুমিনুল গড়েন ৬০ রানের জুটি। সাদমান আউট হন্ন ১১১ বলে ৬৭ রান করে। আর মুমিনুল ৭০ বলে ৩৯। এই দুজনের বিদায়ের পরই শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া।

আফগানিস্তানের বোলারদের কৃতিত্ব দিয়ে সাদমান আরও বলেন, 'আমরা সকালবেলা খুব ভালো ওদের সামাল দিয়েছি, ভালো একটা পার্টনারশিপও হয়েছে আমাদের। ওরা খুব ভালো কামব্যাক করছে লাঞ্চের পরে, যার কারণে ভালো কিছু উইকেটও পেয়েছে ওদের বোলাররা। যার কারণে হয়তোবা দিনশেষে আজকে ৮ উইকেট পড়ছে। ওরা ভালো কামব্যাক করছে।'

আবুধাবির প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হচ্ছে বাংলাদেশকে। সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জানত এই সময় আফগানিস্তানের সঙ্গে গরমও বড় প্রতিপক্ষ। ঢাকাতেও দিনের বেলাতেই বেশিরভাগ অনুশীলন সেরেছে বাংলাদেশ। সাদমানও জানিয়েছেন তারা প্রস্তুতি নিয়েই সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিলেন।

প্রস্তুতি নিয়ে সাদমান বলেন, 'আমরা যখন ঢাকায় অনুশীলন করি তখন আমাদের মাথায় ছিল যে দুবাইতে ভালো একটা গরম আমরা ফেস করতে হতে পারে। তো আমাদের যেরকম একটা প্রিপারেশন ক্যাম্প ছিল, গরমের মধ্যেই গেছে। যার কারণে আলহামদুলিল্লাহ ভালো মানিয়ে নিতে পেরেছি।'

আরো পড়ুন: