ডারউইনে প্রথম টেস্ট শুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ম্যাচটা কতদিন পর্যন্ত গড়াবে? কেউ বলছে দুদিন আরও কারও চোখে তিনদিন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও প্রশ্নটা এলো নাজমুল হোসেন শান্তর কাছে। তিনদিনেই শেষ হবে নাকি পাঁচদিন পর্যন্ত ম্যাচ গড়াবে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক অবশ্য পাঁচদিনই ভালো ক্রিকেট খেলার আশা ব্যক্ত করলেন। প্যাট কামিন্সের কাছেও একই প্রশ্ন এসেছিল।
অস্ট্রেলিয়ান অধিনায়কের উত্তর ছিল, ‘কে জানে।’ মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে সংশয়কারীদের মোক্ষম জবাব দিয়েছে বাংলাদেশ। টেস্টের প্রথম দুই দিনের ৬ সেশনের সবগুলোতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। এখনো পর্যন্ত একটি সেশনেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনদের পেস আগুনে পুড়ে দুইশন আগেই গুটিয়ে গেছে স্বাগতিকরা।
তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, শান্তর হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পেয়েছে ১৫৩ রানের লিড। এখনো বাংলাদেশের হাতে আছে চার উইকেট। ডারউইন টেস্টে ম্যাচে ফিরতে তৃতীয় দিন সকালে বাংলাদেশকে দ্রুত অল আউট করার বিকল্প নেই অজিদের। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে হবে। বেউ ওয়েবস্টার এখনো ম্যাচে ফিরতে আশাবাদী। তাদের যে ওই সামর্থ্য আছে সেটাও মনে করিয়ে দিয়েছেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়েবস্টার বলেন, ‘অবশ্যই (ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে)। আমাদের ড্রেসিং রুমে যে মানের খেলোয়াড় আছে তারা সবাই এখনো ম্যাচ জেতার পথই খুঁজছে। আমাদের প্রথম কাজ হলো যত দ্রুত সম্ভব ওদের বাকি চারটা উইকেট নেওয়া। এরপর অন্তত দুইদিন আমাদের খুব ভালো ব্যাটিং করতে হবে। কাজটা যে কঠিন সেটা নিয়ে সন্দেহ নেই। তবে আমাদের সেই সামর্থ্য আছে এবং সবার উপর বিশ্বাসটাও আছে।’
ম্যাচ পঞ্চম দিনে যাওয়ার পাশাপাশি শেষ সেশনের আগে জয়ের সুযোগ দেখছেন না ওয়েবস্টার। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। (ম্যাচ পঞ্চম দিনে) না গড়ানোর কোনো কারণ দেখছি না। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং ছিল হতাশাজনক। এজন্য আমাদের ব্যাটারদের দায়িত্ব নিতে লম্বা সময় ব্যাটিং করতে হবে। ওরা যেভাবে ধৈর্য্য ধরে খেলেছে আমাদেরও সেভাবে স্কোরবোর্ড সচল রাখতে হবে। পাঁচ দিনের শেষ সেশনের আগে সহজে জয় আসবে না। আমরা এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুতি।’
প্রথম দিনের প্রথম সেশনে উইকেট থেকে বোলাররা বাড়তি সুবিধা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যাটিং দেখে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার আত্মবিশ্বাস পাচ্ছেন অজিরা। ট্রাভিস হেড, জেইক ওয়েদার্যাল্ড, ক্যামেরন গ্রিনের মতো আক্রমণাত্বক ব্যাটার থাকায় দ্রুত রান তোলার কাজটা সহজ হতে পারে তাদের। দ্বিতীয় ইনিংসে দেড়দিন ব্যাটিংয়ের কথা ভাবছেন তারা। পাশাপাশি শেষ ইনিংসে অল্প রান তাড়া করাও যেন কঠিন হতে পারে সেটাও মনে করিয়ে দিয়েছেন।
ওয়েবস্টার বলেন, ‘দেখুন, আমাদের দলে বেশ কয়েকজন সহজাত আক্রমণাত্বক ব্যাটার রয়েছে যারা কিনা দ্রুত রান তুলতে পারে। আশা করি উইকেট ভালো থাকবে এবং আমরা ওদের বোলারদের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে পারব। এখনো খেলার তিনদিন বাকি। দেড়দিন যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমরা ম্যাচে ভালোভাবেই ফিরে আসব। শেষ ইনিংসে অল্প রান তাড়া করাও কিন্তু কঠিন হতে পারে। ম্যাচ জেতাই আমাদের মূল লক্ষ্য।’