দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ১৯৭ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন। তানজিদ আগেই বুঝতে পেরেছিলেন উইকেট না পেলে অস্ট্রেলিয়া মুখের কথায় ঘায়েল করার চেষ্টা করবে। তাই আগে থেকেই এর জন্য প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'আসলে আমি এটার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক কঠিন সময় দেবে, সেটা বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। কিন্তু ওরা করেছে কিছুটা, অতটা করে নাই। কিন্তু আমি চেষ্টা করেছি, যেহেতু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম, অতটা আমি গুরুত্ব দেই নাই জিনিসটা।'
অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল তারা বাংলাদেশকে কঠিন সময় উপহার দেবে এটাই স্বাভাবিক। তাদের বিপক্ষে নতুন বলে রান তোলা একটু কঠিন ছিল বলে স্বীকার করে নিয়েছেন তানজিদ। তাই বড় শটের নেশায় না থেকে স্ট্রাইক রোটেড করার চেষ্টায় ছিলেন তারা। এভাবেই জুটি গড়ে অজিদের চাপে ফেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের।
তিনি বলেন, 'যেহেতু ওরা এক নম্বর দল, কঠিন সময় তো অবশ্যই দেবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ওদের বিরুদ্ধে নতুন বলে খেলাটা একটু কঠিন ছিল। কিন্তু আমরা চেষ্টা করেছি কীভাবে শট কমিয়ে স্ট্রাইক রোটেশন করা যায়। সেই সঙ্গে চেষ্টা করেছি যাতে আমরা উইকেটে থেকে বাজে শট না খেলে কীভাবে একটা জুটি করা যায়।'
সেঞ্চুরি করলেও ভালো ব্যাটিংয়ের কৃতিত্ব অধিনায়ক শান্ত, মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে দিয়েছেন তিনি। তানজিদ যোগ করেন, 'আপনি দেখবেন যে আমার শান্ত ভাইয়ের জুটি, আমার মুমিনুল ভাইয়ের জুটি এবং মুশি ভাই ও শান্ত ভাইয়ের জুটি অনেক ভালো ছিল, যেটা আসলে ভালো একটা রান করতে অনেক সাহায্য করছে। আর যেটা বললেন যে ওদের, আমি আসলে কখনো বোলারের দিকে খেলি নাই, আমি সবসময় চেষ্টা করেছি বলের গুণাগুণ অনুযায়ী ব্যাটিং করার।'