হ্যাটট্রিক না হলেও আগুনে বোলিংয়ে মাত্র ২৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। ডানহাতি পেসারের এমন বোলিংয়ে ১৬৯ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা ইমার্জিং। রানতাড়ায় বাংলাদেশ ইমার্জিংয়ের কাজটা সহজ করেছেন শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল ইসলাম রবিন। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ। আগামী ১২ আগষ্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।
সেঞ্চুরিয়নের ইরিনি কাউন্টি ক্লাব মাঠে রানতাড়ায় দেখেশুনে ব্যাটিং করছিলেন জাকির হাসান ও রবিন। তবে তাদের দুজনের জুটি বড় করতে দেননি স্মিথ। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন জাকির। টাইমিংটা ঠিকঠাক হলেও বল সোজা ফিল্ডারের হাতে জমা পড়ে শর্ট স্কয়ার লেগে। ২৬ বলে ২০ রান করেই ফিরতে হয় বাংলাদেশের অধিনায়ককে। তাকে সঙ্গ দেওয়া রবিন ছিলেন তুলনামূলক ধীরগতির।
তিনে নেমে বাংলাদেশের হাল ধরেন দিপু। তাকে বেশ ভালোভাবেই সঙ্গ দিয়েছেন রবিন। যদিও একটা সময় ২০ বলে ১ রান ছিল ডানহাতি এই ওপেনারের। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য রান তোলার গতি বাড়িয়েছেন তিনি। সাবধানী ব্যাটিংয়ে ৭৪ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। আরেক ব্যাটার দিপু পঞ্চাশ ছুঁয়েছেন ৬৬ বলে। একটু পর অবশ্য আউট হয়েছেন রবিন। প্লাটজির গুড লেংথ ডেলিভারিতে বড় শট খেলতে চেয়েছিলেন তিনি।
ব্যাটে-বলে করতে না পারায় প্যাডে লেগে লেগ বিফোর উইকেট হয়েছেন। ডানহাতি পেসারের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ারও আউট দেন। ১০০ বলে ৬১ রানের ইনিংস খেলা রবিন অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে খুশি ছিলেন না। বরং আম্পায়ারকে বলার চেষ্টা করেছিলেন বল ব্যাটে লেগেছে। ডিআরএস না থাকায় ফিরতে হয়েছে তাকে। পরবর্তীতে ইফতিখার হোসেন ইফতিকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন দিপু। তিনি অপরাজিত ছিলেন ৯০ বলে ৭২ রান করে।
এর আগে ব্যাটিং করতে নেমে ১৬৯ রানে অল আউট হয়েছে সাউথ আফ্রিকা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন ভ্যান ভারেন। এ ছাড়া শ্লেক ৪৫ ও কিং ২৫ রান করেছেন। বাংলাদেশের হয়ে বর্ষন পাঁচটি, লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দুইটি ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান একটি উইকেট নিয়েছেন।