অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হয়েছে হাসানের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। প্রতিপক্ষের প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনকেই ফিরিয়েছেন হাসান। কেন্টের হয়ে কাউন্টি খেলার সময়কার ফর্ম হাসান টেনে এনেছেন অস্ট্রেলিয়াতেও।
হাসান বলেন, 'আমি কিছুদিন আগে লন্ডনে খেলে এসেছি সেখানকার আবহাওয়া আর অস্ট্রেলিয়ার আবহাওয়া অনেকটা একই। আমি দুই জায়গাতেই বোলিং উপভোগ করছি। চেষ্টা করি যে লাইন বজায় রেখে এবং সুইং যেন থাকে সেই মানসিকতা নিয়েই বোলিং করি।'
প্রথম ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতায় ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ। বোলিংয়ে নেমে উইকেটের দেখা পেয়েছেন দলে থাকা সব পেসারই। হাসানের চার উইকেটের সাথে তাসকিন আহমেদ ২ টি এবং খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নিয়েছেন। পেসারদের নৈপুন্যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ৩৫৫ রানেই অলআউট করে বাংলাদেশ।
সব পেসাররা উইকেটের দেখা পাওয়ায় খুশি হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা খুব ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো লাইন-লেন্থে বোলিং করেছে, বাউন্স এবং সুইং দুটোই হচ্ছিল। বোলিং ইউনিট হিসেবে আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করছি।'