যদিও দলে আছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও মুশফিক হাসানের মতো পেসার। বিসিবির অনূর্ধ্ব-২৩ দলের কোচ আলমগীর কবির নাহিদের এই চোটকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি মনে করেন এই চোটের কারণে নাহিদ আরও সতর্ক হবেন ভবিষ্যতে। পাশাপাশি এখন থেকে নিজের প্রতি আরও যত্ন নেবেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুরি বা না খেলতে পারাটা গুড লাক। নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজের যত্ন নিতে পারবে। যে ইনজুরিটা হয়েছে, ইনজুরি থেকে আর কখনো যেন না হয় বা বিভিন্ন ইনজুরি যে হয় আমরা পেস বোলারদের, সেখান থেকে নিজেকে কীভাবে যত্ন করবে, সে নিজে থেকেই এখন আরও চেষ্টা করবে।'
নাহিদ না থাকায় বাংলাদেশের পেস আক্রমণ নিশ্চিতভাবেই কিছুটা দুর্বল হয়ে গেছে। তবে আলমগীর কবিরের বিশ্বাস নাহিদ না থাকলেও মুশফিক অস্ট্রেলিয়ায় চমক দেখাতে পারেন। এর আগে টেস্ট দলে সুযোগ পেলেও অভিষেক হয়নি তার। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক হয়ে যেতে পারে এই দ্রুত গতির পেসারের। এমনটাই প্রত্যাশা করছেন এই কোচ।
এ প্রসঙ্গে আলমগীর কবির বলেন, 'নাহিদের ঘাটতি পূরণ করতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস, ও চমকে দেওয়ার মতো কিছু করবে। কারণ আমরা স্থানীয় ক্রিকেটে, জাতীয় ক্রিকেট লিগে ওর খেলা দেখছি। যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক। অনেক সময় ধরে বোলিং করতে পারে। আমার বিশ্বাস, যদি তাকে খেলানো হয়, ভালো কিছু করবে।'
মুশফিককে নিয়ে মুগ্ধতার কথা জানিয়ে এই কোচ আরও বলেছেন, 'আমি অনূর্ধ্ব ১৭ দলে দেখছি (মুশফিক হাসানকে)। সে ভালো, এনার্জেটিক, অনেকক্ষণ বোলিং করতে পারে এবং জোরেও বল করতে পারে। হয়তো আগেও সুযোগ পেয়েছিল, কিন্তু ম্যাচ খেলানোর সুযোগ হয়নি। আমার বিশ্বাস, অস্ট্রেলিয়ায় গেছে, সেখানে ভালো করবে।'