টুর্নামেন্টের সূচি অনুযায়ী, বাংলাদেশের অভিযান শুরু হবে ২২ আগস্ট শনিবার, নেপালের বিপক্ষে। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। পরদিন ২৩ আগস্ট রোববার একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ খেলবে হোবার্ট হারিকেনসের বিপক্ষে।
২৪ আগস্ট সোমবার ভেন্যু বদলে বাংলাদেশ মুখোমুখি হবে ভিক্টোরিয়ার, ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় সকাল ১১টায়। এরপর ২৫ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডিএক্সসি মাঠেই অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে টাইগাররা।
বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচ ২৭ আগস্ট বৃহস্পতিবার। এদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ আগস্ট শুক্রবার বাংলাদেশ খেলবে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে, একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। ছয়টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
টুর্নামেন্টের শেষ দিন, ৩০ আগস্ট রোববার একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। প্রথম সেমিফাইনাল গার্ডেনস মাঠে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় সেমিফাইনাল ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং ফাইনাল ম্যাচ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ডিএক্সসি মাঠে অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৪ সালে আকবর আলীর নেতৃত্বে প্রথমবারের অংশগ্রহণেই এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হারলেও সেই টুর্নামেন্টে দারুণ নৈপূন্য দেখিয়েছিল টাইগাররা। তবে, সবশেষ ২০২৫ আসরে ভালো করতে পারেনি বাংলাদেশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সেবার ছয় ম্যাচের চারটিতেই হেরে দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশকে।