টি-টোয়েন্টিতে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান মোসাদ্দেক

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
মোসাদ্দেক হোসেন সৈকত
মোসাদ্দেক হোসেন সৈকত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দীর্ঘ চার বছর পর বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে এটাই সবচেয়ে বড় চমক। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলে প্রত্যাবর্তন করেছেন এই অলরাউন্ডার।

অজিদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়েও মোসাদ্দেকের বড় অবদান ছিল। ৩ ম্যাচে ১৫৭ রান করেছিলেন তিনি। এর মধ্যে দুটি হাফ সেঞ্চুরিও ছিল। এমন পারফরম্যান্সের পর জুন মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছেন মোসাদ্দেক। যদিও এমন পারফরম্যান্স টেনে আনতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

দুটি ম্যাচ খেলে মোটে করেছেন ১০ রান। প্রথম ওয়ানডেতে ৩ ও দ্বিতীয় ম্যাচে ৭ রান করে আউট হন মোসাদ্দেক। তিনি আশাবাদী টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। দলের চাহিদা অনুযায়ী টি-টোয়েন্টিতে পারফরম্যান্স করতে পারবেন বলে মনে করেন মোসাদ্দেক।

তিনি বলেন, ‘নিজের প্রতি প্রত্যাশা অনেক বেশি। প্রত্যাবর্তনের পর একটি সিরিজ ভালো গেছে। তবে পরের সিরিজে দুই ম্যাচে ভালো করতে পারিনি। তাই নিজের কাছ থেকে প্রত্যাশাও বেড়েছে। আরও ভালো খেলতে হবে, দলের চাহিদা অনুযায়ী খেলতে হবে এবং দলকে জেতাতে হবে।’

বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে হারারেতে। তবে টি-টোয়েন্টি সিরিজ হবে বুলাওয়েতে। মোসাদ্দেক জানিয়েছেন হারারের তুলনায় বুলাওয়ের আবহাওয়া ভিন্ন। এখানে বাতাস বেশি। চ্যালেঞ্জিং কন্ডিশনেও নিজেকে মেলে ধরতে চান মোসাদ্দেক।

এই অলরাউন্ডার বলেন, ‘হারারের তুলনায় এখানকার পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে বাতাসের প্রভাবও বেশি। সুযোগ পেলে চেষ্টা করব দলের জন্য যতটা সম্ভব প্রভাব রাখতে, যেন শেষ পর্যন্ত দল জিততে পারে। সব সময়ই এটাই আমার লক্ষ্য। ব্যক্তিগত লক্ষ্য বলতে আমার কাছে একটাই, দলকে জেতানো। দলের যখন যা প্রয়োজন, সেই সময় যেন নিজেকে সেভাবেই মেলে ধরতে পারি।’

আরো পড়ুন: