ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসানকে বোলিংয়ে আনেন কেন্টের অধিনায়ক। বোলিংয়ে এসে প্রথম তিন বলেই কোনো রান দেননি। তবে বাংলাদেশের পেসারের চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে চার মারেন জশুয়া ডি কাইর্স। পরের বলেই অবশ্য ডানহাতি ওপেনারকে ফেরান হাসান। একই শট খেলার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন কাইর্স। ওভারের শেষ বলেও উইকেট পেতে পারতেন তিনি।
হাসানের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছিলেন ম্যাক্স হোল্ডেন। তবে নো বল হওয়ায় উইকেট পাওয়া হয়নি হাসানের। প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে এক উইকেট নেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে আবারও বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে সেই ওভারে ভালো করতে পারেননি তিনি। দুই চারে হজম করেন ১১ রান। ইনিংসের ১৬তম ওভারে আবারও ফেরানো হয় হাসানকে।
বোলিংয়ে ফিরেই কেন্টকে উইকেট এনে দেন ২৬ বছর বয়সী এই পেসার। দুর্দান্ত এক ইয়র্কারে ফেরান বেন জেডসকে। সেই ওভারে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ৮ রান দেন তিনি। কোটার শেষ ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন ৯ রান। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৩ রান খরচায় দুইটি উইকেট নিয়েছেন হাসান।
ডানহাতি পেসারের এমন বোলিংয়ের দিনে ৬ উইকেট হারিয়ে ১৭২ রানের পুঁজি পেয়েছে মিডলসেক্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন লুক হম্যান। এ ছাড়া জেডস ৩২, হোল্ডেন ২৪, ম্যাথু বয়েল ২১ এবং শেষের দিকে ইথান বশ ১৫ বলে অপরাজিত ২৩ রান করেছেন। কেন্টের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন হাসান ও জেইক লিনটট। একটি করে উইকেট পেয়েছেন জেইডেন ডেনলি এবং একানশ সিং।