মিরাজের চোখে জিম্বাবুয়ে সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এছাড়া এবারের সফরে সিরিজের একমাত্র টেস্টেও হারের লজ্জা পেয়েছে টাইগাররা। তাই আগামী সোমবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ।

আগামী বছরে সাউথ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে মিলে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। তাই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ মনে করছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের ব্যাটার ও বোলাররা যেভাবে ছন্দে আছেন সিরিজ জয় নিয়ে আশাবাদী তিনি।

ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার মনে হয় এটি সবার জন্যই দারুণ একটি সুযোগ। ২০২৭ বিশ্বকাপ এখানেই অনুষ্ঠিত হবে। তাই প্রত্যেক ব্যাটার ও বোলারের জন্য এটি গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়েতে আমরা তিনটি ওয়ানডে খেলব, তাই এই সুযোগটা কাজে লাগাতে চাই। সবাইকে দায়িত্ব নিতে হবে। ব্যাটারদের এই কন্ডিশনের সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। বোলিং ইউনিট হিসেবে আমরা এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছি। গত কয়েকটি সিরিজে আমরা ভালো করেছি এবং আমাদের দলে ভালো ছন্দও রয়েছে।'

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের ক্ষত এখনও শুকায়নি বাংলাদেশের। তবে মিরাজ বাংলাদেশের গত কয়েকটি টেস্ট ম্যাচের পরিসংখ্যান মনে করিয়ে দিয়েছেন। টেস্টের হতাশা ভুলে তিনি ওয়ানডে সিরিজে চোখ রাখতে বলেছেন। অবশ্য সিরিজ শুরুর আগে ঘরের মাঠে খেলা জিম্বাবুয়েকেও সমীহ করছেন তিনি।

মিরাজ বলেন, 'টেস্ট ম্যাচের বিষয়টি এখন অতীত। এমনটা কখনো কখনো হতেই পারে। তবে যদি শেষ চারটি টেস্টের দিকে তাকান, দেখবেন আমরা খুব ভালো খেলেছি। নিজেদের কন্ডিশনে আমরা ভালো খেলেছি। এখানকার কন্ডিশন অবশ্যই কিছুটা চ্যালেঞ্জিং। নিজেদের মাঠে প্রতিটি দলই শক্তিশালী। এখন এটি নতুন একটি ফরম্যাট, ওয়ানডে। নিজেদের মাঠে আমরা শেষ কয়েকটি সিরিজে খুব ভালো খেলেছি। তবে এটাও চ্যালেঞ্জিং হবে, কারণ জিম্বাবুয়েও নিজেদের কন্ডিশনে সাম্প্রতিক সময়ে ভালো খেলছে। আমরা সব সময় ইতিবাচকভাবে ভাবি। ভালো খেলতে পারলে অবশ্যই তাদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারব।'

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হচ্ছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে আছেন গতি তারকা নাহিদ রানা। সর্বশেষ কয়েকটি সিরিজেই তিনি ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মিরাজ। পাশাপাশি চোট কাটিয়ে দলে ফেরা লিটন দাস দলকে বাড়তি প্রেরণা দিচ্ছে বলে জানালেন মিরাজ।

তিনি যোগ করেন, 'রানা আমাদের দলের জন্য খুবই রোমাঞ্চকর একজন বোলার। গত কয়েকটি সিরিজে সে যেভাবে বোলিং করেছে, তা ছিল অসাধারণ। এটা দলের জন্যও দারুণ ইতিবাচক বিষয়। আর লিটন দাস আগের সিরিজে চোটের কারণে খেলতে পারেনি। এখন সে আবার দলে ফিরেছে, যা আমাদের জন্য বড় পাওয়া। কয়েক দিন আগে সে দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ভালোই করছে।'

আরো পড়ুন: