টি-টোয়েন্টি সিরিজের আগেও বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে সমীহ করছে অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক মিচেল মার্শ বাংলাদেশের পেসারদের প্রশংসা করেছেন। তবে ২০২১ সালের সর্বশেষ সফরের তুলনায় এবারের কন্ডিশনের কোনো মিল পাচ্ছেন না বলে জানিয়েছেন মার্শ।
তিনি বলেন, 'আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক ও রোমাঞ্চকর যে তাদের বেশ কয়েকজন গতিময় বোলার আছে। আর ২০২১ সালে আমরা এখানে এসে যে ধরনের কন্ডিশন পেয়েছিলাম, এবার তার চেয়ে বেশ ভিন্ন কন্ডিশন দেখছি। ক্রিকেটের উন্নতির জন্য এটা দারুণ ব্যাপার।'
২০২৭ বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েতে। বাংলাদেশের মতো অজিদেরও চোখ সেই বিশ্ব আসরে। এ প্রসঙ্গে মার্শ বলেন, 'আমরা সাউথ আফ্রিকায় ২০২৭ সালের বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। এটা তাদের জন্য খুব দারুণ একটা সম্ভাবনা এবং এই ফরম্যাটে এখন তাদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।'
বাংলাদেশ দলের ভারসাম্যও অনেক ভালো বলে মনে করেন মার্শ। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন,
'তারা বেশ ভারসাম্যপূর্ণ একটা দল। তারা সাম্প্রতিক সময়ে খুবই ভালো ক্রিকেট খেলছে এবং এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে, যা মোকাবিলা করতে আমরা প্রস্তুত।'
অস্ট্রেলিয়া দলের বেশ কয়েকজন ক্রিকেটার সদ্যই আইপিএল খেলে এসেছেন। এটি তাদের সাহায্য করবে বলে আশাবাদী মার্শ। তিনি যোগ করেন, 'আমার মনে হয় বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেটের পুরো দৃশ্যপটটাই এখন বদলে গেছে। আর আমাদের দলের বেশ কিছু তরুণ খেলোয়াড়, এমনকি অভিজ্ঞ খেলোয়াড়রাও বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে, যা তাদের উন্নতির জন্য দারুণ ভূমিকা রাখছে।'