মিরপুরের অনার্স বোর্ডে থাকবে নারী ক্রিকেটারদেরও নাম

বাংলাদেশ ক্রিকেট
তামিম ইকবালের ফেসবুক পেজ থেকে নেওয়া
তামিম ইকবালের ফেসবুক পেজ থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নারী ক্রিকেটারদের নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি অনার্স বোর্ডে নারী ক্রিকেটারদের নামও থাকবে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল।

ইংল্যান্ডের লর্ডস, পাকিস্তানের রাওয়ালপিন্ডির মতো স্টেডিয়ামে অনার্স বোর্ডের প্রচলন আছে। স্টেডিয়ামের ড্রেসিং রুম কিংবা প্যাভিলিয়নে স্থায়ীভাবে এমন ফলক থাকে। মূলত ওই ভেন্যুতে সেঞ্চুরি করা কিংবা ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বোলারদের নাম সেখানে লেখা হয়ে থাকে। বাংলাদেশের মিরপুরের অনার্স বোর্ড অবশ্য একটু ভিন্ন।

জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন এমন পুরুষ ক্রিকেটারদের জন্য অনার্স বোর্ড করেছে বিসিবি। এবার সেখান যুক্ত হয়েছে নারী ক্রিকেটের অনার্স বোর্ড। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলা নারী ক্রিকেটারদের নাম থাকবে সেখানে। নারী ক্রিকেটারদের আক্ষেপের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে তামিম লিখেছেন, ‘এই দুটি বোর্ডে গর্বের অক্ষরে খোদাই করা আছে আমাদের জাতীয় ক্রিকেটারদের নাম, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন উইমেন’স ওয়ানডে ও টি-টোয়েন্টি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেয়ালে ছেলেদের দলের অনার্স বোর্ড আছে। কিন্তু মেয়েদের অনার্স বোর্ড ছিল না।’

‘ওদের সঙ্গে বৈঠকের সময় ব্যাপারটি নিয়ে ওরা কিছুটা আক্ষেপ করেছিল। এখন একই প্রবেশমুখের আরেক পাশের দেয়ালে মেয়েদের অনার্স বোর্ডও করা হয়েছে এবং এটা ওদের প্রাপ্য। নারী দল হোক বা পুরুষ দল, সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সবারই এই সম্মান প্রাপ্য। সবাই মিলেই আমরা বাংলাদেশের ক্রিকেট।’

আরো পড়ুন: