সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ সময় পার করছেন নাহিদ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য শুরুটা ভালো হয়নি তার। প্রথম ম্যাচে ৬৫ রান খরচায় মাত্র একটি নিয়েছিলেন তিনি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ব্যাটারদের নাভিশ্বাস তুলেছিলেন নাহিদ। মাত্র ৩২ রানে নিয়েছিলেন পাঁচটি উইকেট।
সিরিজের শেষ ম্যাচেও বল হাতে আলো ছড়ান তিনি। ডানহাতি পেসার দুই উইকেট নিয়েছিলেন ৩৩ রানে। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার জেতেন নাহিদ। মাশরাফি বিন মুর্তজার পর দ্বিতীয় পেসার হিসেবে দুইটা সিরিজে সেরা হয়েছেন তিনি।
এমন পারফরম্যান্সের পর আইসিসির এপ্রিল মাসের সেরার মনোনয়ন পেয়েছেন নাহিদ। বাংলাদেশের পেসারের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন ওমানের জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। আইসিসি পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-তে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন জাতিন্দার। ৫ ওয়ানডেতে ৫৩.২০ গড় ও ১১৫ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেছেন টপ অর্ডার এই ব্যাটার।
স্কটল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলার পাশাপাশি কীর্তিপুরে নেপালের বিপক্ষে ৯৬ বলে ১৩০ রানের ইনিংস খেলেছেন জাতিন্দার। এমন পারফরম্যান্সে আইসিসির মাসসেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন ওমানের অধিনায়ক। এদিকে সংযুক্ত আরব আমিরাতের হয়ে ২ ওয়ানডেতে ৯ উইকেট নিয়েছেন অজয়।
নেপালের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের তরুণ পেসার। দুর্দান্ত বোলিং করেছেন ওমানের বিপক্ষে। সেই ম্যাচে মাত্র ৩৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন অজয়। সংযুক্ত আরব আমিরাতের হয়ে টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-তে দলকে পয়েন্ট এনে দিয়ে আইসিসির মাসসেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন অজয়।