এক বছরের চুক্তিতে বিসিবির স্পিন বোলিং কোচ রফিক

বিসিবি
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‘আমরা কিন্তু সবসময়ই প্রস্তুত থাকি। কখন আমাদের বোর্ড ডাকবে। দুঃখের বিষয় আমরা অনেক দিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা (বিসিবি) সাড়া দেয়নি।’ বছর দুয়েক আগে এভাবেই আক্ষেপ করেছিলেন মোহাম্মদ রফিক। বাংলাদেশের ক্রিকেটে কাজ করতে মুখিয়ে থাকলেও এতদিন তাকে ডাকেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশেষে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে ডাক পড়লো রফিকের। বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে রফিককে নিয়োগ দিয়েছে বিসিবি। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক বাঁহাতি এই স্পিনার। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম।

এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘মোহাম্মদ রফিকের যে পারফরম্যান্স দেখি… ওর ক্যারিয়ারের পারফরম্যান্স এবং এখনও ওর খেলা যখন আমরা দেখি, তখন মনে হয় না যে অবসর নেওয়া একজন খেলোয়াড়। ওর যে ইনটেন্ট থাকে, মাঠের মধ্যে বড় বড় ব্যাটসম্যানদের বিরুদ্ধে সাধারণ একটা খেলায়ও… কাজেই আমাদের মনে হয়েছে, অনেক কিছু দেওয়ার আছে। ও যদি আমাদের জুনিয়র লেভেলের ক্রিকেটার, এমনকি সিনিয়র লেভেলের ক্রিকেটার, যারা স্পিন বোলিং করে, তাদের সাথে যদি কাজ করে, ওর কাছ থেকে যে টিপসগুলো ওরা পাবে, সেটা ওদের জন্য খুব উপকারী হবে।’

বর্তমানে তালহা জুবায়ের, তারেক আজিজ খানের মতো বেশ কয়েকজন পেস বোলিং কোচ রয়েছেন। পেস বোলিং কোচের তুলনায় স্পিন বোলিং কোচের সংখ্যা খুবই কম। বিসিবির সঙ্গে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম সোহেল ইসলাম। ক্রিকেট বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচের প্রয়োজন হবে বিসিবির। সেই ভাবনা থেকেই রফিককে নিয়োগ দিয়েছে তারা। ভবিষ্যতে আরও কয়েকজনকে যুক্ত করার ইঙ্গিতও দিয়ে রাখলেন ফাহিম।

তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা যদি একটু হিসাব করি, আমাদের প্রায় ৮-১০ জন পেস বোলিং কোচ আছেন। কিন্তু আমরা পিছন ফিরে তাকালে দেখব, ৩ জন স্পিন কোচ খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের দেশের ক্ষেত্রে। ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় তৈরি একজন কোচ, যে এখনই সার্ভ করতে পারবে।’

‘এর পাশাপাশি আরও আমরা ৪-৫ জনকে ভবিষ্যতে হয়তো দেখতে পাব, যাদেরকে আস্তে আস্তে গড়ে তোলার চেষ্টা করব। কারণ আস্তে আস্তে আমরা যখন বিকেন্দ্রীকরণে যাচ্ছি, আমরা কিন্তু এইগুলোর মুখোমুখি হচ্ছি যে, আমাদের যথেষ্ট লোকবল নেই, স্পেশালাইজড লোকবল নেই। ওটা খুব প্রয়োজন হবে আমাদের। ওইটা মাথায় রেখেই রফিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিসিবির অধীনে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজ করেছেন রফিক। গত কয়েক বছর ধরে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন তিনি। এ ছাড়া গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) রংপুরের স্পিন বোলিং কোচ ছিলেন রফিক। বাংলাদেশের হয়ে ৩৩ টেস্টের সঙ্গে ১২৫ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি।

আরো পড়ুন: