‘বিসিবি চায় প্রিমিয়ার লিগসহ সমস্ত লিগগুলোই হোক’

বাংলাদেশ ক্রিকেট
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিসিবির সর্বশেষ নির্বাচনে পক্ষপাতের অভিযোগে গত ৬ মাস ধরে ঘরোয়া ক্রিকেট বয়কট করেছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। একাধিকবার বিসিবির পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলেও ক্লাবগুলো নিজেদের সিদ্ধান্তে অনড়। এর ফলে স্থবির হয়ে পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেট।

মাঠে খেলা না থাকায় ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এমন সমস্যার সমাধানে ক্লাবগুলোকে দেশের ক্রিকেটের কথা ভাবার পরামর্শ দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান মুখছেদুল ইসলাম বাবু। সেই সঙ্গে বিসিবির অবস্থানও পরিষ্কার করেছেন তিনি।

বাবু বলেন, 'বিসিবি তো চাচ্ছে যে প্রিমিয়ার লিগসহ সমস্ত লিগগুলোই হোক। আমরা কিন্তু চেষ্টাও করেছি প্রত্যেকটা ক্লাবের সাথে বসার জন্য এবং আমি আবারও বলব যে ক্লাবগুলোকেও আমার দিক থেকে আমি তাদেরকে আহ্বান জানাব যে আসলে সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক কিন্তু ক্রিকেট বন্ধ না হোক।'

তিনি আরও যোগ করেন, 'আপনি যদি খেলতে না আসেন তাহলে তো আসলে জোর করে তো আর নিয়ে আসা যায় না কাউকে। আমার কাছে মনে হয় যে এই প্রত্যেকটা লিগের ক্ষেত্রে বিসিবি খুবই আন্তরিক এবং এই লিগগুলো হোক সেটা আমরা চাই।'

বিসিবির সঙ্গে ক্লাবগুলোর মান অভিমান থাকলেও সেগুলো অন্য কোনো পন্থায় মেটানোর আহ্বান বাবুর। খেলা চালু অবস্থাতেই এগুলো নিয়ে আলোচনা হওয়া সম্ভব বলে মনে করেন তিনি। বাবু আশাবাদী আগের চেয়ে পরিস্থিতি পরিবর্তন হবে। দ্রুতই এই সমস্যার সমাধানে আশাবাদী তিনি।

বাবু যোগ করেন, 'বিসিবির ওপরে, বোর্ডের ওপরে তাদের কোনো অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে। কিন্তু সেটা খেলা বন্ধ করে না। খেলা চালু অবস্থাতেই কিন্তু সে অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি কথা বলতে পারি অনেক কিছুই হতে পারে। এবং আমি আশাবাদী যে আগের চাইতে এখন বোধহয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে।'

আরো পড়ুন: