সাবেক ভারতীয় অফ স্পিনার হরভজন সিং মনে করেন, গ্রিনের ওপর কলকাতার আস্থা ভুল হতে পারে। টানা দুই পরাজয়ের গ্রিন একাদশে জায়গা পাবেন না বলেও মনে করেন এই স্পিন কিংবদন্তী। মুম্বাইয়ে প্রথম ম্যাচে হার দিয়ে এবারের আইপিএল শুরু করে কলকাতা। ওই ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার কারণে বোলিং করতে না পারা গ্রিন করেন ১৮ রান।
এরপর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানে হারে নাইট রাইডার্স। ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইকেটকিপার ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন গ্রিন মাত্র ২ রান করে। ফলে তাকে নিয়ে সমালোচনা যেন থামছেই না। হরভজন মনে করেন পরের ম্যাচেই নিউজিল্যান্ডের তারকা টিম সেইফার্ট বা ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার রভম্যান পাওয়েলকে দলে নিতে পারে কলকাতা।
নিজের ইউটিউব চ্যানেলে গ্রিনের পারফরম্যান্স নিয়ে হরভজন বলেন, ‘আমি মনে করি ক্যামেরন গ্রিন এই দলে মানানসই নন, আর এর সহজ কারণ হলো তিনি বোলিং করছেন না। দলে টিম সেইফার্টকে নেয়া উচিত এবং তাকে দিয়ে ইনিংস শুরু করানো যেতে পারে, কারণ যদি ক্যামেরন গ্রিন বোলিং না করেন, তাহলে শুধুমাত্র ব্যাটার হিসেবে আরও ভালো বিকল্প আছে। সেই বিকল্প সেইফার্ট। এরপর আছে রভম্যান পাওয়েল, তাকেও খেলানো যেতে পারে।’
দুই ম্যাচে হার দিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে কলকাতা, আর দলটি ব্যাটিং ও বোলিং দুই বিভাগ নিয়েই দুশ্চিন্তায় আছে। প্রথম দুই ম্যাচ হেরে কলকাতা চাপে পড়ে গেছে বলে দাবি হরভজনের। পাশাপাশি এমন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে তারা একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারে বলেও ধারণা করছেন ভারতের এই সাবেক স্পিনার।
হরভজন বলেন, ‘এখন হঠাৎ করেই কলকাতা চাপ অনুভব করছে, কারণ তারা প্রথম দুই ম্যাচেই হেরেছে, একটি ঘরের মাঠে এবং একটি প্রতিপক্ষের মাঠে। এখান থেকে ঘুরে দাঁড়াতে চাইলে তাদের কিছু বিষয় ঠিক করতে হবে। প্রথমত, দুই ম্যাচেই তারা বড় ধাক্কা খেয়েছে, প্রথমে মুম্বাইয়ের কাছে এবং এখন ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।’