সাকিব এসে শুধু অবসর নেয়ার জন্য খেলুক, এমনটা চান না বাশার

বাংলাদেশ ক্রিকেট
হাবিবুল বাশার সুমন (বামে) ও সাকিব আল হাসান (ডানে)
হাবিবুল বাশার সুমন (বামে) ও সাকিব আল হাসান (ডানে)
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে মামলা সুরাহা না হওয়ায় এখনো ফিরতে পারেননি তারকা অলরাউন্ডার। নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই। দেশে ফিরলেও সাকিবকে শুধু অবসর নেওয়ার জন্য খেলানোর পক্ষে নন হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের প্রধান নির্বাচকের চাওয়া, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলুক সাকিব।

জাতীয় দলের ক্রিকেটারের পাশাপাশি সাকিবের নতুন পরিচয় আওয়ামী লীগ সরকারের একজন সাবেক সংসদ সদস্য। নির্বাচিত হওয়ার পর থেকে বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকতে হয়েছে তাকে। ২০২৪ সালের জুলাই-আগষ্টে বাংলাদেশে যখন গণঅভ্যুত্থান হয়েছে তখন কানাডায় লিগ খেলছিলেন সাকিব। যদিও নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হওয়ায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। পোশাককর্মী মো. রুবেল হত্যা মামলায় আদাবর থানায় সাকিবকে ২৮ নম্বর আসামী করা হয়েছে।

এ ছাড়া শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাকিবের নামে মামলা হয়েছে। এসব ঘটনার পর থেকেই দেশে ফিরতে পারছেন না তিনি। দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন তারকা অলরাউন্ডার। একটা সময় সাকিবের প্রশ্নে এড়িয়ে যেতেন বিসিবি পরিচালকরা। তবে কিছুদিন আগে হুট করেই সাকিবকে জাতীয় দলে ফেরানোর পদক্ষেপ নেয় বিসিবি।

যার অংশ হিসেবে মন্ত্রণালয়ে সাকিবের মামলার ফাইলও জমা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তান সিরিজকে ভাবনায় রাখলেও সেটা করতে পারেনি বিসিবি। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে সাকিবকে ফেরানোর কথা ভাবছে। যদিও বাস্তবতায় সেটা একটু কঠিনই। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে এপ্রিলে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। বাশার জানান, সাকিব প্রস্তুত কিনা সেটা তিনি এখনো নিশ্চিত নন। বাংলাদেশের প্রধান নির্বাচকের চাওয়া, তাড়াহুড়ো না করে প্রস্তুত হয়েই দেশে ফিরুক সাকিব।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের খুব বেশি সময় নেই। সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমি নিশ্চিত নই। আমি সাকিবকে যতখানি চিনি সাকিব কাল এসে পরশু খেলবে না, ওরও প্রস্তুতির দরকার আছে। এটা আবেগের জায়গা না। অবশ্যই, আমরা সাকিবকে যদি চিন্তাই করি..., আমি তো লম্বা সময়ের কথা চিন্তা করছি। আমি এটাও মনে করি না যে সাকিব একটা সিরিজের জন্য খেলবে কিংবা একটা সিরিজ খেলে চলে যাবে। আমরা যদি সাকিবের সার্ভিসটা পাই, আমরা চাইব অনেক লম্বা সময়ের জন্য সার্ভিস পেতে। সেক্ষেত্রে প্রস্তুত হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার।’

সাকিবের বয়স এখন ৩৯ বছর। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের সাবেক অধিনায়কের বয়স হবে প্রায় ৪১ বছর। ওই বয়স পর্যন্ত সাকিব খেলতে পারবেন কিনা, তার ফিটনেস থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন। যদিও বাশার মনে করেন, সাকিব আরও অন্তত দুই বছর জাতীয় দলে খেলতে পারবেন। পাশাপাশি এও মনে করিয়ে দিয়েছেন, সাকিবদের মতো ক্রিকেটাররা যতদিন খেলবেন ততোদিন বাংলাদেশের লাভ।

বাশার বলেন, ‘সত্যি বলতে এতদিন আমি এই বিষয় নিয়ে খুব একটা চিন্তা করিনি। তবে অবশ্যই আমার পরিকল্পনায় লম্বা সময়ের জন্য আছে। এজন্যই কিন্তু নিউজিল্যান্ড সিরিজের কথা যখন উঠছে তখন বলেছি যেন প্রস্তুত হয়ে আসে এবং লম্বা সময়ের জন্য আসে। আমার মনে হয় সে এখনো দু’বছর খেলতে পারবে। অনেকে অবসরের কথা বলেন, মুশফিকুর রহিমের অবসরের সময়ও আমি বলেছি ওরা যতদিন খেলবে ততোদিন আমাদের লাভ। (সাকিব) এসে অবসর নেওয়ার জন্য খেলুক আমি সেটা চাই না। আমি চাই সাকিব আল হাসান আসুক এবং লম্বা সময়ের জন্য খেলুক। অন্তত ২০২৭ বিশ্বকাপ যেন খেলে যেতে পারে।’

আরো পড়ুন: