টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এর ফলে ১১২ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।
টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও কোচিং স্টাফদের থাকার ব্যবস্থাও করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হবে।
এদিকে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে স্পন্সরদের আগ্রহের অভাব ও তৃতীয় ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় টুর্নামেন্টটি স্থগিত করেছে বিসিবি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে হবে বিপিএলের প্রথম আসর। নতুন সূচি অনুযায়ী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে নারী বিপিএলের প্রথম ম্যাচ। পাশাপাশি একই স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুরে ফাইনাল হবে ২১ জুলাই।