পত্রিকার সময়টাতে সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কটা ছিল ‘ছোটবেলার বন্ধুর’ মতো। তবে সবশেষ কয়েক বছরে আগের তুলনায় বেশ খানিকটা পরিবর্তন এসেছে। প্রত্যাশার চাপে কখনো কখনো তালগোল হারিয়ে ফেলেন অনেকে। কখনো কখনো অযাচিত সমালোচনায় বিদ্ধ করেন ক্রিকেটারদের। যার ফলে সাংবাদিকদের সঙ্গে তারকাদের একটা দুরত্ব তৈরি হয়েছে। আবার উল্টো চিত্রও আছে।
ভালো খেলা ক্রিকেটারকে নিয়ে প্রশংসা করার পাশাপাশি কেউ যখন খারাপ খেলেন তখন গঠনমূলক সমালোচনা করলেও ওই ক্রিকেটার সেটা নিতে পারেন না। এতেও দুই পক্ষের সম্পর্কের অবনতি হয়েছে। তবে তামিমের পরামর্শ সবসময় শুধু প্রশংসা করে খারাপ করলে সাংবাদিকরা যাতে সমালোচনা করেন। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, সমালোচনা করলে তারা কী ভুল করেছেন সেটা জানতে পারেন।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার আয়োজনে সাংবাদিকদের উদ্দেশ্যে তামিম বলেন, ‘সাংবাদিকদের একটাই কথা বলি, আমার কাছে মনে হয় যখন আমি ক্রিকেটার ছিলাম, এখন যেমন সংগঠক হওয়ার পথে হাঁটছি। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি আপনাদের সাথে আমাদের লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা। ভালো খেললে পছন্দ করবেন, খারাপ খেললে খারাপ বলবেন। আমি মনে করি এটাই হলো সবচেয়ে স্বাস্থ্যকর সম্পর্ক। লাভ অ্যান্ড হেইট সম্পর্ক, এটা শুধু পছন্দ আবার শুধু ঘৃণার হওয়া উচিত না।’
‘আমি আশা করব এই সম্পর্কটা যেন আমরা মেইনটেইন করি। কারণ যদি সমালোচনা আমি নিতে না পারি, উনারা না নিতে পারে আমরা সমালোচনা থেকে শিখব না। খালি যদি ভালোবাসাই পেতে থাকি তাহলে কী ভুল করছি এটা আমরা কোনদিনও জানব না। আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করব আমরা যেন লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা মেইনটেইন করি। ভালো করলে ভালো বলবেন আবার খারাপ করলে খারাপ বলবেন, এটা যে কাউকে।’
কদিন আগেই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। নির্বাচনের আগে চট্টগ্রাম ও গাজীপুরে সরকারের খেলাধুলার প্রতি সুনজর নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন তামিম। সরকারের উপরমহল থেকে নিশ্চিত করা হয়েছে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হবে। এমন সরকার পেয়ে নিজেদের ভাগ্যবান মানছেন তামিম। তবে আক্ষেপ করে এও বলেছেন বাংলাদেশের খেলাধুলা যে লেভেলে থাকা উচিত এখন সেখানে নেই।
তামিম বলেন, ‘একজন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা সবাই ভাগ্যবান যে আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকারের প্রথম তিন-চার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল স্পোর্টস। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী আসলেই খেলাধুলায় এখন আমরা পরিবর্তন দেখব। বাংলাদেশের প্রত্যেকটা খেলাধুলা, অনেক ধরনের খেলাধুলা আছে কিন্তু যে লেভেলে এসবের থাকা উচিত আমার মনে হয় না এখন কোনো স্পোর্টসই ওই লেভেলে আছে।’