জিম্বাবুয়েকে উড়িয়ে আফগানিস্তানের বড় জয়

ত্রিদেশীয় সিরিজ
আফগানিস্তান
আফগানিস্তান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৯ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ২৯৪ রান করে আফগানরা। জবাবে জিম্বাবুয়ে অল আউট হয়েছে ১৩৫ রানে। এর ফলে আফগানিস্তান ও জিম্বাবুয়ের একটি করে জয় রয়েছে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে আফগানিস্তান জিতলে তাদের সঙ্গে ফাইনালে যাবে জিম্বাবুয়ে। আর হারলে সেক্ষেত্রে আফগানিস্তান ও বাংলাদেশ ফাইনাল হওয়ার বড় সম্ভাবনা তৈরি।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় জিম্বাবুয়ে। তারা দলীয় ১৩ রানেই হারায় ওপেনার বেন কারানকে। এরপর দলীয় ৫০ রানের আগে আরও ৩ উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে সিকান্দার রাজা ও রায়ান বার্ল মিলে ৬৪ রান যোগ করেন। এরপর ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত দেড়শর আগেই অল আউট হতে হয় তাদের।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রাজা। আর ৩১ রান করেন বার্ল। ওপেনার ব্রায়ান বেনেটের ব্যাট থেকেও আসে ৩১ রান। আফগানিস্তানের হয়ে একাই ৪ উইকেট নেন রশিদ খান। দুটি উইকেট শিকার করেন ফজল হক ফারুকি। একটি করে উইকেট নেন মোহাম্মদ গাজানফার ও মোহাম্মদ নবি।

এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে বেশ ভালো শুরু এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। আফগানিস্তানের ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক। গুরবাজ জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরে উড়ন্ত সূচনা এনে দেন আফগানিস্তানকে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আর্নেস্ট মাসুকুর প্রথম বলই টেনে খেলতে গিয়ে বোল্ড হন গুরবাজ।

দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ অতলকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন ইব্রাহীম। আর তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় আফগানিস্তান। জাদরান অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। তিনি ৯৬ বলে ৯০ রান করেন। ব্র্যাড ইভান্সের বলে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি। তার ফেরার পরই আফগানিস্তানের ব্যাটারদের আসা যাওয়া শুরু হয়। মাঝে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি কিছুটা সঙ্গ দিয়েছেন অতলকে। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি ব্লেসিং মুজারাবানি।

শহীদি আউট হয়েছেন ৩০ বলে ২৮ রান করে। অবশ্য একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন অতল। তার ব্যাট থেকে এসেছে ১১০ বলে ১০২ রানের ইনিংস। ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো তার ইনিংসটি আফগানিস্তানকে বড় সংগ্রহ নিশ্চিত করে দেয়। ৫২ রানে থাকতে লং অফে মুজারাবানির হাতে ক্যাচ দিয়ে বেঁচে যান অতল। সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির স্বাদ পেয়েছেন অতল।

আফগানিস্তানের সংগ্রহ আরও বড় করার সুযোগ ছিল। যদিও শেষের দিকে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে আফগানিস্তানকে তিনশ করার সুযোগ দেয়নি জিম্বাবুয়ে। শেষ পাঁচ ওভারে ৩৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ২৯৪ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইভান্স ও মাসুকু। দুজনই ৩টি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট পান মুজারাবানি। এক উইকেট শিকার করেন সিকান্দার রাজা।

আরো পড়ুন: