রাজধানীর পাঁচ তারকা হোটেলে ফ্র্যাঞ্চাইজিদের নাম প্রকাশের পর একটি লটারির আয়োজন করা হয়েছে। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর আইকন ক্রিকেটার চূড়ান্ত করার অর্ডার নিশ্চিত করা হয়েছে। এক নম্বর ওঠায় সবার আগে আইকন ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নেয় ওয়ালটন। দুইয়ে থাকা ফরচুন গ্রুপ আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে তাওহীদ হৃদয়কে।
পরবর্তীতে একমি গ্রুপ মোসাদ্দেক হোসেন সৈকত, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিম, এইস ব্লুস্টার নুরুল হাসান সোহান ও সিটিজেনস ব্যাংক আইকন খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে নাইম শেখকে। আগামী তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে মালিকানা দেওয়া হয়েছে। আইকন ক্রিকেটার নেওয়ার পর দল গোছানোয় ব্যস্ত সময় পার করতে হবে তাদেরকে।
আগামী ২৬ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ২৩ জন করে ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাবে। সেই ক্রিকেটারদের দিয়ে বছরজুড়ে তিনটি টুর্নামেন্টে খেলাতে হবে। আগামী বছর চাইলে কোনো ক্রিকেটারকে ছেড়েও দিতে পারে তারা। মিনি নিলামের মাধ্যমেই নতুন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিরা।
এর আগে আগামী ২৯ সেপ্টেম্বর হবে ম্যানেজমেন্ট ড্রাফট। যেখান থেকে তিনজন কোচ, একজন করে অ্যানালিষ্ট, ফিজিও, ট্রেইনার বেছে নেবে তারা। আগামী ১৫ ডিসেম্বর বরিশালে পর্দা উঠবে এনসিএল টি-টোয়েন্টির। ভেন্যু হিসেবে বরিশালের পাশাপাশি রাখা হয়েছে ঢাকাকে। তবে ১৯ ম্যাচের টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে বরিশালে। ২০২৭ সালের জানুয়ারিতে হবে চার দিনের বিসিএল। যেখানে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৫০ ওভারের বিসিএল হবে ২০২৭ সালের মে মাসে। সেই টুর্নামেন্টে হবে ১৬ ম্যাচ। এদিকে ‘ডমেস্টিক থ্রি’র মূল বৈশিষ্ট্য হলো, দেশের ঘরোয়া ক্রিকেটের তিনটি ফরম্যাটকে আলাদা আলাদা প্রতিযোগিতা হিসেবে না দেখে একটি সমন্বিত লিগ কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন সংস্করণেই একই লিগ কাঠামোর অধীনে খেলা হবে। ক্রিকেটাররা নিজেদের ফ্র্যঞ্চাইজির হয়ে তিন ফরম্যাটেই খেলতে পারবেন।