জাপানের বিপক্ষে ম্যাচ, তবুও রোমাঞ্চিত আইয়ার

জাপান-ভারত সিরিজ
শ্রেয়াস আইয়ার
শ্রেয়াস আইয়ার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেটে নতুন এক ইতিহাসের সামনে ভারত ও জাপান। আগামীকাল (২২ সেপ্টেম্বর) প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল। জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ‘সুজুকি কাপ’ এর অংশ। ভারত-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখেই বিশেষ এই ম্যাচের আয়োজন করা হয়েছে।

বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত এই ম্যাচে নামছে এশিয়ান গেমসের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে। তিনবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের বিপরীতে জাপান আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে। ফলে স্বাগতিকদের জন্য এটি নিঃসন্দেহে বড় মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ। ম্যাচটির পরই ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা।

জাপানে পৌঁছানোর পর দেশটির পরিবেশ ও মানুষের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বিসিসিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আইয়ার বলেন, ‘এটি সুন্দর। আমরা যখন এখানে নামলাম, তখন দেখলাম এখানকার মানুষ খুবই আন্তরিক, উদার ও সহযোগিতাপরায়ণ। নিজেদের দেশেও আমরা এমনটা দেখি। এখানকার আতিথেয়তা অসাধারণ। জাপান দেশটি এবং টোকিও শহর সম্পর্কে মানুষের কাছ থেকে অনেক বিশেষ কথা শুনেছি। তাই আরও ঘুরে দেখার অপেক্ষায় আছি।’

প্রথমবার জাপানের বিপক্ষে খেলতে যাওয়ায় প্রতিপক্ষ ও কন্ডিশন সম্পর্কে ভারতের খুব বেশি ধারণা নেই। সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের উইকেট এবং স্থানীয় পরিবেশও ভারতীয় দলের জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।

তবে ম্যাচটিকে ঘিরে রোমাঞ্চিত আইয়ার। একই ভিডিওতে আসন্ন ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। আমরা প্রথমবার জাপানের বিপক্ষে খেলব। কন্ডিশন ও উইকেট সম্পর্কে আমরা খুব বেশি জানি না। তবে দারুণ একটি ম্যাচ খেলার অপেক্ষায় আছি।’

জাপান ম্যাচের জন্য ভারত স্কোয়াডঃ শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিশান, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী, যশ ঠাকুর ও বিপ্রজ নিগম।

আরো পড়ুন: