আইপিএলে অ্যালেনও নিজের বিস্ফোরক ব্যাটিংয়ের ছাপ রেখেছেন। কলকাতার হয়ে ১১ ম্যাচে ৩৪৯ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ছিল ২১৪.১১। এর আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেন নিউজিল্যান্ডের এই ওপেনার। ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা এখন তার আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে লাগানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাসেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অ্যালেন বলেন, 'তার ক্যারিয়ার অসাধারণ এবং তিনি অনেক অভিজ্ঞ। সর্বকালের অন্যতম সেরা হার্ড হিটার। তার সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ছিল। আমরা মূলত ব্যাটের সুইং, ব্যাটিংয়ের প্রবাহ, ব্যাটিংয়ের ভিত্তি ও পাওয়ার হিটিং নিয়ে কথা বলেছি। এসব বিষয়ে তিনি বিশ্বের সেরাদের একজন।'
রাসেলের সঙ্গে আলোচনায় নিজের ব্যাটিংয়ে বড় কোনো পরিবর্তন আনার বদলে স্বাভাবিক ব্যাটিংয়ের ভিত্তি ঠিক রাখার ওপরই গুরুত্ব পেয়েছে বলে জানান অ্যালেন। নিউজিল্যান্ডের এই ব্যাটারের মতে, পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ব্যাটের সুইং ও শরীরের ভারসাম্য ঠিক রাখাও বড় বিষয়। কলকাতায় নেট সেশনে দুজনের একসঙ্গে কাজ করার দৃশ্যও দলটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল।
এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য নিয়েও কথা বলেছেন অ্যালেন। নিউজিল্যান্ড ক্রিকেট ২০২৬-২৭ মৌসুমে তাকে পূর্ণ কেন্দ্রীয় চুক্তির বদলে ক্যাজুয়াল প্লেয়িং চুক্তিতে রেখেছে। একই ধরনের চুক্তি পেয়েছেন লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সাইফার্টও। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে অ্যালেন বলেন, 'এখন অনেক বেশি ক্রিকেট খেলা হয়, তাই বিষয়টি সামলানো কঠিন। তবে নিউজিল্যান্ড ক্রিকেটে এখন ভালো একটি ব্যবস্থা আছে, যেখানে দুটোই সামলানোর সুযোগ রয়েছে। রব ওয়াল্টারের সঙ্গে যোগাযোগও খুব ভালো। আমার ও টিম সাইফার্টের মতো যারা বিভিন্ন টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চায়, তাদের জন্য এই সমন্বয়টা গুরুত্বপূর্ণ।'
আন্তর্জাতিক ক্রিকেটই নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অ্যালেন। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবেও উল্লেখ করেছেন তিনি। ২০২৬-২৭ মৌসুমে নিউজিল্যান্ডের সাদা বলের ব্যস্ত সূচির মধ্যে আইপিএল, বিগ ব্যাশসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় দলের জন্যও অবদান রাখতে চান এই বিস্ফোরক ওপেনার।