ইমরানের চিকিৎসা নিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের উদ্বেগ

পাকিস্তান ক্রিকেট
ইমরান খান,  ফাইল ছবি
ইমরান খান, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাম্প্রতিক সময়ে ইমরান খানের শারীরিক অবস্থা ও কারাগারে তাঁর চিকিৎসা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে হাসপাতালে নিয়ে স্বাধীন চিকিৎসা পরীক্ষার নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের অনুমতি দিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার জন্য সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর তাকে আবার আদিয়ালা কারাগারে পাঠানো হয়। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়কদের পক্ষ থেকে একের পর এক উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি দিয়েছেন। অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ চিঠিতে ইমরানের কারাবন্দি অবস্থার মানবিক দিকটি তুলে ধরেছেন। তারা স্পষ্ট করেছেন, এটি কোনো রাজনৈতিক অবস্থান নয়; বরং একজন বন্দির মানবিক অধিকার নিয়ে তাদের উদ্বেগ।

চিঠিতে সাবেক অস্ট্রেলীয় অধিনায়করা ইমরানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলায় কোনো পক্ষ নিচ্ছেন না বলে জানিয়েছেন। তাদের বক্তব্য, ওই বিষয় পাকিস্তানের নিজস্ব ব্যাপার। তবে কারাগারে থাকা যেকোনো মানুষের চিকিৎসা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মানবিক আচরণ নিশ্চিত করা মৌলিক মানবিকতার বিষয়। ইমরানের পরিবার দীর্ঘদিন ধরে তার সীমিত চিকিৎসা সুবিধা, পরিবারের সঙ্গে যোগাযোগের বাধা এবং আইনি সহায়তা পাওয়ার সুযোগ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

অস্ট্রেলিয়ার দ্য ডেইলি টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেগ চ্যাপেল গত মাসেই পেনি ওংয়ের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছিলেন। সাত সাবেক অধিনায়কের পক্ষ থেকে ইমরানের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলেও এখন পর্যন্ত সেই অনুরোধের কোনো জবাব পাননি তিনি। এর আগে চ্যাপেলই আন্তর্জাতিক সাবেক ক্রিকেট অধিনায়কদের নিয়ে ইমরানের চিকিৎসার দাবিতে একাধিক উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন।

গত আগস্টে ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়ে ইমরানের চিকিৎসা ও কারাগারে তার অবস্থার উন্নতির দাবি জানিয়েছিলেন। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানের নিজস্ব চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং পরীক্ষায় প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, স্টিভ ওয়াহ ছাড়াও সুনীল গাভাস্কার, কপিল দেব, মাইকেল অ্যাথারটন, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালিস্টার কুকসহ সাবেক তারকারা ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন।

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এরপরও থামেনি। সেপ্টেম্বরের শুরুতে তার দুই ছেলে কাসিম ও সুলেইমান জানান, দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাদের কোনো ফোনে কথা হয়নি এবং তার শারীরিক অবস্থা নিয়ে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁদের দাবি, ইমরান উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও উদ্বেগসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। তবে পাকিস্তান সরকার ইমরানকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসাগতভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে।

ইমরানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটারদের এই উদ্যোগ অবশ্য নতুন নয়। ফেব্রুয়ারিতে ১৪ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক প্রথমবার পাকিস্তান সরকারের কাছে তার চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। এরপর সাবেক পাকিস্তানি তারকা জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খানও বিষয়টি নিয়ে কথা বলেছেন। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের চিকিৎসা পরীক্ষা ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করার পক্ষে প্রকাশ্যে অবস্থান জানিয়েছেন।

আরো পড়ুন: