ভারতের বাইরে এই প্রথম কোনো ঘরোয়া ক্রিকেটে খেলতে যাচ্ছেন মুকেশ। মৌসুমের শেষ দিকে বোলিং বিভাগ শক্তিশালী করতেই তাকে দলে নিয়েছে নটিংহ্যামশায়ার। ভারতের হয়ে এখন পর্যন্ত তিনটি টেস্টসহ সব সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন তিনি।
নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুকেশ। তিনি বলেন, 'মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে নটিংহ্যামশায়ারে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ইংল্যান্ডে যাওয়ার জন্য তর সইছে না। কাউন্টি ক্রিকেটে নিজেকে পরীক্ষা করতে চাই। নটিংহ্যামশায়ারকে সাফল্য এনে দেয়া এবং দলের জন্য যতটা সম্ভব অবদান রাখাই আমার অন্যতম উদ্দেশ্য।'
এর আগে ইংল্যান্ডে গিয়ে লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা হয়নি মুকেশের। ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে একটি করে টেস্ট খেলেছেন তিনি। এবার নতুন পরিবেশে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই পেসার।
ইংল্যান্ডের মাটিতে খেলাকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুকেশ। তার ভাষায়, 'ইংল্যান্ডে খেলা সব সময়ই নতুন চ্যালেঞ্জ। নতুন দলে, নতুন পরিস্থিতিতে খেলার চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। নটিংহ্যামশায়ারের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। আশা করি দলকে সাফল্য এনে দিতে পারব।'
ঘরোয়া ক্রিকেটে মুকেশের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ৬১ ম্যাচে তাঁর শিকার ২৩৩ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১০ বার। সাম্প্রতিক দুলীপ ট্রফিতেও পূর্বাঞ্চলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ১৪ বছর পর পূর্বাঞ্চলকে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন মুকেশ।
এদিকে মুকেশের পাশাপাশি ভারতের আরেক পেসার মোহাম্মদ শামিকেও কাউন্টি ক্রিকেটে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। তবে তাকে কোনো ক্লাব সই করিয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।