ড্রেসিংরুমের তথ্য ফাঁসের তদন্ত, নীরবতা ভাঙলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট
মোহাম্মদ রিজওয়ান, ফাইল ছবি
মোহাম্মদ রিজওয়ান, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায়। ইংল্যান্ড সফরের মাঝপথে একসঙ্গে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর পর এবার সাইবার অপরাধ তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে চলা এই তদন্তে দুজনের মোবাইল ফোনের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর রিজওয়ান ও ইমামসহ সাতজনকে দেশে ফেরত পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর নেওয়া ওই সিদ্ধান্তের পরই দলের ভেতরের শৃঙ্খলা ও আচরণ নিয়ে তদন্ত শুরু হয়। রিজওয়ান অবশ্য প্রথম দুই টেস্টে চার ইনিংসে করেছিলেন মাত্র ৬১ রান।

এরপর লাহোরে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) কার্যালয়ে হাজির হন রিজওয়ান ও ইমাম। ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইংল্যান্ড সফরের সময় ড্রেসিংরুমের তথ্য ফাঁস এবং দলের ভেতরের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে।

তদন্তের অংশ হিসেবে দুজনের মোবাইল ফোনও এনসিসিআইএর কাছে দেওয়া হয়েছে। ফোনের তথ্য, যোগাযোগ ও অন্যান্য ডেটা ফরেনসিকভাবে পরীক্ষা করা হচ্ছে। জিও নিউজ জানিয়েছে, ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগের পাশাপাশি দুজনের আর্থিক লেনদেনও খতিয়ে দেখছে সংস্থাটি। তবে তদন্তে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে-এমন তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

এদিকে তদন্ত নিয়ে এবার মুখ খুলেছেন রিজওয়ান। পাকিস্তা সামা টিভিকে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছেন, তদন্তের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছেন এবং তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় আছেন। একই সঙ্গে তদন্ত শেষ হলে গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে কথা বলার ইঙ্গিতও দিয়েছেন তিনি। রিজওয়ান বলেন, ‘আমি তদন্তের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছি। তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় আছি।’

ইংল্যান্ড সফরে পিসিবির কঠোর সিদ্ধান্তের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকে। লর্ডস টেস্টের পর রিজওয়ান, ইমাম, সালমান আলী আগাসহ সাতজনকে দেশে ফেরানোর পাশাপাশি কোচিং স্টাফেও পরিবর্তন আনে পিসিবি। বোর্ড পরে জানায়, দলের শৃঙ্খলা ও আচরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্ত চলছে।

তদন্ত চলায় রিজওয়ান ও ইমাম এখন ঘরোয়া ক্রিকেটেও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ডন জানিয়েছে, চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুজনকে প্রেসিডেন্টস ট্রফিতে খেলতে দেওয়া হচ্ছে না। ফলে ইংল্যান্ড সফরের ব্যর্থতার পর রিজওয়ানের সামনে এখন পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের এই তদন্তও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: